গুলশানে আওয়ামী লীগের মিছিলে ছিলেন ‘১৫০-২০০ জন’, গ্রেপ্তার ৩২

গুলশানে আওয়ামী লীগের মিছিল থেকে হাতবোমা ছোড়ার অভিযোগে দুজনকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করা হয়েছিল, সেই সঙ্গে উদ্ধার করা হয়েছিল পাঁচটি হাতবোমা। ছবি: পুলিশের সূত্রে পাওয়া
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা ঢাকার গুলশানে একদিন আগে যে মিছিল করেছিল, তাতে ১৫০ থেকে ২০০ জনের অংশগ্রহণ ছিল বলে জানিয়েছে পুলিশ। তার মধ্যে ৩২ জন গ্রেপ্তার হয়েছেন।
আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ কমিশনার আকতার হোসেনের পাঠানো এক বার্তায় ৩২ জনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।
দুই বছর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনায় সরকারের নিষেধাজ্ঞ রয়েছে। পাশাপাশি দলটির সহযোগী সংগঠন ছাত্রলীগ রয়েছে নিষিদ্ধ।
এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে আওয়ামী লীগ সমর্থকরা বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে মিছিলের চেষ্টা চালায়। গতকাল শুক্রবার এমনই একটি মিছিল বেরিয়েছিল রাজধানীর গুলশানে।
গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন গতকাল জানিয়েছিলেন, বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন।
ওসি বলছিলেনন, মিছিলটির স্থায়িত্ব ছিল ৩০ সেকেন্ডের মতো। পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা ককটেল বা হাতবোমা ছোড়ে। তখন পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধারের পাশাপাশি দুজনকে গ্রেপ্তারের কথা গতকালই জানিয়েছিল পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯)।
আজ ডিএমপির পাঠানো বার্তায় বলা হয়, রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলে সরাসরি অংশগ্রহণকারী ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকার পাশাপাশি আরো কয়েকটি জেলায় গতকাল আওয়ামী লীগ সমর্থকরা মিছিলের চেষ্টা করেছিল। বরাবরের মতো তাতে বাধা দেয় পুলিশ। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়।




