রাজধানীতে আ.লীগের মিছিল থেকে বিস্ফোরণ, ৫ ককটেলসহ গ্রেপ্তার ২

গুলশানে আওয়ামী লীগের মিছিল থেকে ককটেলসহ গ্রেপ্তার আব্দুর রহিম ও আরাফাত
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন।
ওসি বলেছেন, ‘আজ বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে ককটেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।’
তিনি জানালেন, মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। বর্তমানে গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



