সামাজিক বিজ্ঞান গবেষণাকে আরও কার্যকর করার আহ্বান

ছবি: আগামীর সময়
বাংলাদেশে সামাজিক বিজ্ঞান গবেষণাকে আরও কার্যকর, সময়োপযোগী ও জনমুখী করার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকরা। তারা বলেছেন, গবেষণা খাতে অর্থায়ন বৃদ্ধি, আন্তঃবিষয়ক গবেষণার প্রসার এবং গবেষণার ফলাফলকে নীতিনির্ধারণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে হবে।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র (সিএআরএসএস) আয়োজিত ‘বাংলাদেশে সামাজিক বিজ্ঞান গবেষণা: অতীত ইতিহাস, সমসাময়িক প্রবণতা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেছেন বক্তারা।
একই সঙ্গে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা সম্প্রসারণ, গবেষণা নৈতিকতা নিশ্চিত করা এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বিত গবেষণা নেটওয়ার্ক গড়ে তোলারও আহ্বান জানান তারা।
উদ্বোধনী বক্তব্যে প্রতিষ্ঠানটির পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, সামাজিক বিজ্ঞান গবেষণার জ্ঞানতাত্ত্বিক ভিত্তিকে নতুন করে মূল্যায়নের সময় এসেছে।
‘আমাদের ঐতিহাসিক শিকড় ও জ্ঞানচর্চার ধারাকে পুনরায় বিশ্লেষণ করে বাংলাদেশের সামাজিক বাস্তবতার আলোকে নতুন জ্ঞান উৎপাদনের একটি দূরদর্শী রূপরেখা তৈরি করতে হবে’, যোগ করেন সিএআরএসএস পরিচালক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. মাইনুল ইসলাম বলেছেন, বিশ্বায়ন, দ্রুত নগরায়ন এবং বৈশ্বিক সংযোগের বিস্তারের ফলে সামাজিক বিজ্ঞান গবেষণার ক্ষেত্র আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি বিস্তৃত হয়েছে। কিন্তু আন্তঃবিষয়ক গবেষণার ক্ষেত্রে এখনও উল্লেখযোগ্য ঘাটতি রয়ে গেছে।
তার মতে, গবেষণার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো সীমিত বাজেট এবং গবেষণার ফলাফলকে নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকরভাবে ব্যবহার করতে না পারা।
ঢাবির গবেষণা বাজেট নিয়ে অধ্যাপক শামসুল আলম বলছিলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে থাকার পরও গবেষণা খাতে কাঙ্ক্ষিত বাজেট বৃদ্ধি করা সম্ভব হয়নি। গবেষণাকে এগিয়ে নিতে অর্থায়ন বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার নতুন উৎস তৈরি করতে হবে। একই সঙ্গে গবেষণার প্রতিটি পর্যায়ে গবেষণা নৈতিকতা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ড. মো. শামসুল আলম বলেছেন, দেশের সামাজিক বিজ্ঞান গবেষণাকে আরও শক্তিশালী করতে সেন্টার ফর অ্যাডভানসড রিসার্চ ইন সোশ্যাল সায়েন্সেস সিএআরএসএসের নেতৃত্বে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বিত গবেষণা প্ল্যাটফর্ম গড়ে তোলা প্রয়োজন। এতে গবেষণা কার্যক্রম শুধু রাজধানীকেন্দ্রিক না থেকে সারা দেশে ছড়িয়ে পড়বে এবং নতুন নতুন গবেষণার সুযোগ সৃষ্টি হবে।
আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. নিলয় রঞ্জন বিশ্বাস বলেছেন, সামাজিক বিজ্ঞান গবেষণাকে একক কোনো বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্যান্য শাখার গবেষণার সঙ্গে সমন্বিতভাবে পরিচালনা করা প্রয়োজন। জলবায়ু পরিবর্তন, অভিবাসন, প্রযুক্তি, স্বাস্থ্য কিংবা অর্থনীতির মতো জটিল বিষয়গুলোকে বোঝার জন্য আন্তঃবিষয়ক গবেষণাই হতে পারে সবচেয়ে কার্যকর পথ।




