মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর জুরাইনে একটি মাদ্রাসার চারতলার ছাদ থেকে পড়ে মো. ইয়ামিন নামের ১০ বছরের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার রাত পৌনে ১০টার দিকে পশ্চিম জুরাইনের তাসফিলুল কোরআন হেফজ মাদ্রাসায় ঘটে এ ঘটনা।
মুমূর্ষু অবস্থায় মাদ্রাসার শিক্ষকরা ইয়ামিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে মর্গে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
মাদ্রাসার প্রিন্সিপাল ফেরদৌস আহমেদ জানান, ইয়ামিন মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করত। তার বাসা কদমতলীর মোহাম্মদবাগ এলাকায়। তার বাবা রফিকুল ইসলাম প্রবাসী।
তার ভাষ্য, গত বুধবার মাদ্রাসা ছুটির পর ইয়ামিন বাসায় চলে যায়। এরপর আর মাদ্রাসায় আসেনি। পরে তাকে মাদ্রাসায় আসার জন্য স্বজনরা বোঝান। রবিবার রাত সাড়ে ৯টার দিকে তার নানী তাকে মাদ্রাসায় দিয়ে যান।
তিনি আরও বলেন, ‘তার কিছু সময় পরে ইয়ামিনকে চারতলার সিঁড়িঘরে দাঁড়িয়ে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখি। পরে আমি তাকে রাতের খাবারের জন্য নিচে যেতে বলে চলে আসি। কিছু সময় পর খবর পাই, মাদ্রাসার চার তলার ছাদ থেকে নিচে পড়ে গেছে সে। সঙ্গে সঙ্গে ভবনের নিচ থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’
তবে ইয়ামিন কীভাবে ছাদ থেকে পড়ে গেছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।








