১২ সচিব-অতিরিক্ত সচিবকে বদলি, ১৬ জন বাধ্যতামূলক অবসরে

গ্রাফিকস: আগামীর সময়
১২ জন সচিব ও অতিরিক্ত সচিবকে বদলি করেছে সরকার। একই সঙ্গে ১৬ জন অতিরিক্ত ও যুগ্মসচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ ছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও পরিচালক পদে আটজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। রংপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী পদেও একজনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
সচিব ও অতিরিক্ত সচিব পদে রদবদল
প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাসুদ আলমকে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে। অন্যদিকে, হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সোহেলুর রহমান খানকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক করা হয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক নাহিদ সুলতানা মল্লিককে বদলি করা হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খানকে খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটওয়ারীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনিকে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
১৬ অতিরিক্ত ও যুগ্মসচিব বাধ্যতামূলক অবসরে
চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা, মো. মাহমুদুল হাসান, মো. আলাউদ্দিন খান, আবু বকর ছিদ্দীকী, নুরুন আখতার, মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী ও জহির রায়হানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
একই কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. হেলাল মাহমুদ শরিফ, মো. সাবিরুল ইসলাম, গৌতম চন্দ্র পাল, তানিয়া খান ও এ কে এম টিপু সুলতানকে অবসরে পাঠানো হয়েছে।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) নিরোদ চন্দ্র মণ্ডল, মনিরা বেগম, আল মামুন মুর্শেদ ও মোহাম্মদ নুরুল ইসলামকে চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
শিল্পকলা একাডেমিতে আটজনের চুক্তিভিত্তিক নিয়োগ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাতজন। তারা হলেন শাহনাজ পারভীন লিপি, আব্দুল হামিল চঞ্চল, সারমিন সুলতান ইসলাম, বৈশাখী সমদ্দার, শাহীন দিল-রিয়াজ, দীপক কুমার গোস্বামী ও ড্যানিয়েল আফজালুর রহমান।
নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ও গীতিকবি লতিফুল ইসলাম শিবলীকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
রংপুর সিটি করপোরেশনে প্রধান প্রকৌশলী নিয়োগ
রংপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী পদে মোহাম্মদ সাইফুল ইসলামকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।




