একনেক বৈঠক বুধবার, উঠছে ১৪ প্রকল্প
- পুলিশের সক্ষমতা বাড়াতে দুই প্রকল্প

ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে স্থগিত হওয়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক বসছে আগামী বুধবার (৪ নভেম্বর)। বৈঠকে উপস্থাপন করা হবে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৪টি উন্নয়ন প্রকল্প।
এর আগে গত ২৫ অক্টোবর বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রাথমিকভাবে প্রস্তুত করা ১৫টি প্রকল্পের তালিকা থেকে একটি প্রকল্প বাদ দেওয়া হয়েছে।
রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠেয় এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমান।
পরিকল্পনা সচিব এস এম শাকিল আকতার আগামীর সময়কে বলেন, প্রকল্পের সংখ্যা বেশি হওয়ায় একটি কমানো হয়েছে। যেসব প্রকল্প অতি গুরুত্বপূর্ণ, সেগুলো উপস্থাপনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।
একনেকের আগামী বৈঠকে উপস্থাপনের জন্য নির্ধারিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষায়িত যানবাহন ক্রয় এবং অপারেশনাল যানবাহন ক্রয় প্রকল্প। এ ছাড়া রয়েছে তিতাস গ্যাসক্ষেত্রে দুটি মূল্যায়ন ও উন্নয়ন গ্যাসকূপ তিতাস-৩২ ও তিতাস-৩৩ খনন প্রকল্পও।
নগর উন্নয়ন ও অবকাঠামো খাতের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ‘ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’, নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়কগুলোর ক্ষতিগ্রস্ত অংশ, নর্দমা ও ফুটপাত উন্নয়ন প্রকল্প।
এ ছাড়া দেশের পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপন, বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালের পাড় সংরক্ষণ, খাল পুনরুদ্ধার ও পুনঃখনন (প্রথম পর্ব) এবং ‘প্রবৃদ্ধি-লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট (এলইডি) ইন সিলেক্টেড মিউনিসিপ্যালিটিজ’ প্রকল্প রয়েছে।
অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা সেনানিবাসের মঈনুল রোড আবাসিক এলাকায় বি-টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ, জিগাতলার গাবতলা কলোনিতে সরকারি কর্মচারীদের জন্য বহুতল ভবন নির্মাণ, ‘মেট্রো ঢাকা : ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন’ এবং গ্রামীণ সড়কে ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু বা কালভার্ট নির্মাণ প্রকল্প।
এদিকে একনেক বৈঠকে অবগতির জন্য আরও চারটি প্রকল্প উপস্থাপন করা হবে। এসব প্রকল্পের প্রতিটির ব্যয় ৫০ কোটি টাকার কম। এরই মধ্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রকল্পগুলো অনুমোদন দিয়েছেন। নিয়ম অনুযায়ী, পরবর্তী সময়ে একনেক বৈঠকে এসব প্রকল্প সম্পর্কে সদস্যদের অবহিত করা হবে।
অবগতির জন্য উপস্থাপন করা প্রকল্পগুলো হলো দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের হৃদরোগ চিকিৎসাসেবার আধুনিকীকরণ, দেশের শিশু-কিশোর ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ট্রাফিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প।




