প্রধানমন্ত্রীর জাপান যাত্রা
একনেক বৈঠক স্থগিত, পিছিয়ে গেল ১৫ প্রকল্পের অনুমোদন

প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন পিছিয়ে গেছে। ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে স্থগিত করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক। ফলে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন পিছিয়ে গেছে।
আজ রবিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে বৈঠকটি হওয়ার কথা ছিল। এতে সভাপতিত্ব করার কথা ছিল প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের।
সরকারিভাবে বৈঠক স্থগিতের কারণ হিসেবে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হয়েছে। তবে পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল এক কর্মকর্তা আগামীর সময়কে জানিয়েছেন, গত রাতে বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এর অন্যতম কারণ প্রধানমন্ত্রীর জাপান সফর।
ওই কর্মকর্তা জানান, আজ সন্ধ্যার ফ্লাইটে প্রধানমন্ত্রীর জাপানের উদ্দেশে রওনা দেওয়ার কথা। এর আগে তাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইলের কাজ শেষ করতে হবে। একনেকের বৈঠক শুরু হলে তা দুপুরের খাবারের আগে শেষ করা সম্ভব হতো না। সব দিক বিবেচনা করেই বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একনেকের বৈঠকে উপস্থাপনের জন্য ১৫টি উন্নয়ন প্রকল্পের প্রস্তুতি নেওয়া হয়েছিল। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছিল প্রায় ৯ হাজার কোটি টাকা।
প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো তিতাস গ্যাসক্ষেত্রে দুটি মূল্যায়ন ও উন্নয়ন গ্যাসকূপ– তিতাস-৩২ ও তিতাস-৩৩ খনন। এ ছাড়া রয়েছে ‘ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’ এবং নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প।
অনুমোদনের অপেক্ষায় থাকা অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়কগুলোর ক্ষতিগ্রস্ত অংশ, নর্দমা ও ফুটপাত উন্নয়ন প্রকল্পও তালিকায় রয়েছে।
এ ছাড়া বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত যানবাহন ও অপারেশনাল যানবাহন কেনার দুটি প্রকল্প উপস্থাপনের প্রস্তুতি ছিল। দেশের পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপন প্রকল্পও ছিল অনুমোদনের অপেক্ষায়।





