‘পুলিশ কিছুই করতে পারবে না’- কণ্ঠটি ওসি রাকিবুলেরই

রাকিবুল হাসান।
‘শেখ হাসিনা ফিরলে পুলিশ কিছুই করতে পারবে না’- অডিওতে শোনা কণ্ঠটি ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের যে অডিও রেকর্ড পাওয়া গেছে, সেটি পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে ওই কণ্ঠ তারই। আদালতের অনুমতি নিয়ে তার কণ্ঠস্বর সংগ্রহ করা হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে পরীক্ষা করে অডিওতে থাকা কণ্ঠ তার বলে নিশ্চিত হওয়া গেছে।
গত ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়ার পর এখন কারাগারে রয়েছেন রাকিবুল হাসান। তার আগে একটি অডিও ভাইরাল হয়েছিল, যেখানে বলতে শোনা যাচ্ছিল- ‘জানি যে শেখ হাসিনা ডিসেম্বরে আসতেছে … চলে আসলি এই পুলিশ কিচ্ছু করতে পারবে না।’
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে কথা বলার সেই অডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমনও বলেছিলেন, পুলিশের কেউ কেউ তথ্য পাচার করছে বলেও তিনি জানতে পেরেছেন।
রাকিবুল কোনো তথ্য পাচার করেছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল।
রাকিবুলকে দু’দফায় রিমান্ডে নেওয়ার পর তদন্তে কী তথ্য পাওয়া গেছে- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ওই কথোপকথনের পেছনের প্রেক্ষাপট কী ছিল, কোথায় এবং কার সঙ্গে ওই আলোচনা হয়েছিল, তা তদন্ত করা হচ্ছে।





