আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদকে ড্যাব থেকে বহিষ্কার

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি আজ বুধবার সকালে তার কার্যালয়ে আক্রান্ত হন। ছবি: ভিডিও থেকে
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে মারধরের ঘটনায় ডা. জাহিদ হাসানকে বহিষ্কার করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
আজ বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব। বহিষ্কৃত ডা. জাহিদ হাসান ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ছিলেন।
বিজ্ঞপ্তিতে ড্যাব জানিয়েছে, আজ বুধবার সকালে আইইডিসিআরের পরিচালকের কক্ষে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় ডা. জাহিদ হাসানের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে। পরে তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়ায় ডা. জাহিদ হাসানকে ড্যাব থেকে বহিষ্কার করা হয়েছে।
ওই বিবৃতিতে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল আইইডিসিআরের পরিচালকের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
তারা বলেছেন, ‘ড্যাব কোনো বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতিকে সমর্থন করে না। সাংগঠনিক শৃঙ্খলা, নীতি, আদর্শ ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় ড্যাব সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। একইসঙ্গে কোনো ব্যক্তির অসাংগঠনিক কাজের দায় ড্যাবের ওপর বর্তায় না এবং ড্যাব কোনো ব্যক্তির সংগঠন পরিপন্থী কর্মকাণ্ড বরদাস্ত করবে না।’
এর আগে এদিন বেলা ১১টার দিকে নিজের অফিস কক্ষে মারধর করা হয় আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে।
দুপুরে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক জাকি আগামীর সময়কে বলেছিলেন, ‘আমার এখানে হামলা হয়েছে। এটি একটি সরকারি অফিস। যেহেতু সরকারি অফিসে হামলা হয়েছে, সরকার এ বিষয়ে ব্যবস্থা নেবে।’
ঘটনার পর ড্যাবের মহাসচিব জহিরুল ইসলাম শাকিল আগামীর সময়কে বলেছেন, ‘হামলার শিকার পরিচালক এবং হামলার সঙ্গে জড়িত ডা. জাহিদ হাসান উভয়ই ড্যাবের আজীবন সদস্য। আমরা খোঁজখবর নিচ্ছি।’




