বিএমপিএর নতুন কমিটিতে শাকিলুর রহমান ও নাহিদ হোসাইন

সংগৃহীত ছবি
বাংলাদেশ মেডিক্যাল ফিজিক্স অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিচালক অধ্যাপক ড. মো. শাকিলুর রহমান এবং সম্পাদক হয়েছেন কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ড. মো. নাহিদ হোসাইন।
বুধবার ঢাকায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়।
কমিটিতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ. কে. এম. মিজানুর রহমান। প্রকাশনা সম্পাদক ড. হুমায়রা ফেরদৌস এবং বৈজ্ঞানিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল কাদির।
নতুন কমিটিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ক্লিনিক ও রেডিওথেরাপি কেন্দ্রে কর্মরত চিকিৎসা পদার্থবিজ্ঞান-সংশ্লিষ্ট পেশাজীবীরা সদস্য হিসেবে রয়েছেন।
অধ্যাপক ড. মো. শাকিলুর রহমান ১৯৯৭ সাল থেকে সংগঠনটির সঙ্গে যুক্ত। চিকিৎসা পদার্থবিজ্ঞান, বিকিরণ মাত্রা নির্ণয়, বিকিরণ নিরাপত্তা ও রেডিওথেরাপির উন্নয়নে তাঁর দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে অধ্যাপক ড. মো. নাহিদ হোসাইন চিকিৎসা পদার্থবিজ্ঞান, রেডিওথেরাপি, বিকিরণ মাত্রা নির্ণয়, মাননিশ্চিতকরণ, গবেষণা ও পেশাগত প্রশিক্ষণে কাজ করছেন।
নতুন কমিটি চিকিৎসা পদার্থবিজ্ঞানের শিক্ষা ও গবেষণা, পেশাগত উন্নয়ন, বিকিরণ নিরাপত্তা এবং ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির মানোন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে কাজ করার প্রত্যয় জানিয়েছে।



