সাক্ষাৎকার
ফ্যামিলি কার্ড আমাদের যুগান্তকারী কর্মসূচি

গ্রাফিকস: আগামীর সময়
সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যও। আগামীর সময়ের সঙ্গে তিনি সরকারের নানা কর্মসূচি, নিজ মন্ত্রণালয়ের কাজ ও অগ্রগতি নিয়ে খোলাখুলি কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন রাজকুমার নন্দী
আগামীর সময়: মানুষের একধরনের প্রত্যাশা ছিল, আপনাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু আপনাকে সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হলো। দেখা যাচ্ছে, জনকল্যাণে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে এই মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এক সেক্টরের লোক, দায়িত্ব পেলেন আরেক সেক্টরে— কোনো চাপ অনুভব করছেন কি না?
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন: আমি পেশায় চিকিৎসক; কিন্তু প্রায় তিন দশক আমি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত। সুতরাং আমি ব্যক্তিগত ও পেশাগতভাবে চিকিৎসক হলেও দেশের মানুষের কল্যাণের জন্য কী করা যায়— সেটা নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তা-ভাবনা করছি। আর চিকিৎসা পেশার উদ্দেশ্যও যেহেতু মানুষের কল্যাণে কাজ করা, কাজেই এখানে আমি এটার মধ্যে খুব একটা পার্থক্য দেখি না কিংবা খুব একটা চ্যালেঞ্জ অনুভব করি না; বরং প্রধানমন্ত্রী আমাকে সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যে দায়িত্ব দিয়েছেন— সহকর্মীদের সঙ্গে নিয়ে সে দায়িত্ব আমি আমার সাধ্যমতো যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। এটা করতে গিয়ে চিকিৎসা পেশার বাইরে জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে আমার নতুন যে অভিজ্ঞতা— আমি মনে করি, এখানে অনেক নতুন জিনিস শেখার এবং কাজ করার সুযোগ ও আগ্রহ দুটিই সৃষ্টি হয়েছে। সে অনুযায়ী আমি আমার দায়িত্ব পালন করছি এবং এর মধ্যে আমি কোনো চাপ অনুভব করছি না।
আগামীর সময়: সরকারের ৯ মাসের শাসনকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? সরকারের সবচেয়ে বড় তিনটি সাফল্য কী?
ডা. জাহিদ হোসেন: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশসেবার দায়িত্ব পেয়েছে গত ১৭ ফেব্রুয়ারি। সেই হিসাবে ১৬ নভেম্বর সরকারের ৯ মাস পূর্ণ হবে। এখন এই সময়ের মধ্যে যদি সরকারকে মূল্যায়ন করতে হয়, তাহলে বলব— আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং ওনার যে টিম— সবাইকে নিয়ে উনি যে দ্রুতলয়ে এবং দ্রুততার সঙ্গে ৩১ দফার আলোকে নির্বাচনী ম্যানিফেস্টো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন, সে লক্ষ্যে উনি অত্যন্ত সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন।
বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অন্যতম ছিল কৃষিঋণ মওকুফ করা। প্রথম ক্যাবিনেটেই প্রায় সাড়ে ১২ লাখের বেশি কৃষককে সে সুযোগ দেওয়া হয়েছে; ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং এর পরিমাণ ১৩০০ কোটি টাকা। আর এটি কিন্তু সরকার গঠনের সঙ্গে সঙ্গেই করা হয়েছে। সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো ফ্যামিলি কার্ড। এটিরও বাস্তবায়ন শুরু হয়েছে। এতে করে গ্রামীণ অর্থনীতিতে নারীদের অর্থনৈতিক স্বয়ম্ভরতা তথা স্বনির্ভরতা বাড়বে। এ ছাড়া মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বৌদ্ধধর্মের ধর্মীয়গুরু, চার্চের যাজকদের জন্য সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। সরকারের আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও সেটা যেমন দেওয়া হচ্ছে, অন্যদিকে কৃষক ও কৃষির উন্নয়নের জন্য কৃষক কার্ডের উদ্বোধন করা হয়েছে। এটা যখন সারা দেশে সব কৃষকের কাছে পৌঁছে যাবে, তখন কৃষকরা তার সুফল পাবেন। কার কতটুকু সার লাগবে, কতটুকু বীজ লাগবে, কতটুকু অর্থনৈতিক সাপোর্ট লাগবে এবং তার জন্য কী পরিমাণ ব্যাংকঋণ লাগবে— এগুলোর জন্য তাকে কোনো ধরনা দিতে হবে না, কারও কাছে তদবির করার প্রয়োজন নেই। কৃষক কার্ড বলে দেবে, কার কতটুকু প্রয়োজন।
নদী-খাল খনন, পুনঃখনন কার্যক্রমও শুরু হয়েছে। এতে করে নদী বা খাল-বিলের নাব্য বাড়বে। আর নাব্য বাড়লে তখন সেই সারফেস ওয়াটার কৃষক যেমন সেচের জন্য ব্যবহার করতে পারবেন, তেমনি মৎস্য চাষের জন্যও ব্যবহার করতে পারবেন। এ ছাড়া খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করতে পারবেন। কার্বন নিঃসরণের জন্য জলবায়ুর যে একটা নেতিবাচক প্রভাব, সেটা থেকে উত্তরণে এটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো হবে। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণের যে ঘোষণা— এর মাধ্যমে সত্যিকার অর্থে কার্বন নিঃসরণ কমানো সম্ভব। এতে করে পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র্য, প্রাণিকুলের জন্য যেমন সুবিধা; অন্যদিকে পরিবেশ ভালো থাকলে কৃষকের যে কৃষি উৎপাদনশীলতা— এটাও অনেক বেড়ে যাবে। এ ছাড়া েবকার সমস্যা দূরীকরণে দেশ-বিদেশে নতুন কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে দেশি-বিদেশি বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা হয়েছে।
আগামীর সময়: প্রধানমন্ত্রীর কাছে অগ্রাধিকারমূলক ও স্বপ্নের প্রকল্পগুলোর একটি হচ্ছে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডের প্রথম ধাপে ৪১ লাখ নারীকে সুবিধা দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি কতটা? সুবিধাভোগীদের নির্বাচনে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অনিয়ম ঠেকানোর নিশ্চয়তা কী?
ডা. জাহিদ হোসেন: ফ্যামিলি কার্ড নিয়ে বিভিন্ন সময় আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অনেকে অনেক কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু অত্যন্ত সুশৃঙ্খল ও বৈষম্যহীনভাবে এই কার্যক্রম এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় গত ১০ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে আমরা এর পাইলটিং শুরু করেছি। তিন দফায় পাইলটিং করার পর প্রধানমন্ত্রী এখন এই ফ্যামিলি কার্ড কর্মসূচি চলতি অর্থবছরে প্রথম পর্যায়ে সারা দেশে ৪১ লাখ পরিবারের মধ্যে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। সে অনুযায়ী তথ্য সংগ্রহের কাজ দ্রুততার সঙ্গে চলছে এবং আমরা খুবই আশাবাদী, অল্প সময়ের মধ্যে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্থাৎ, ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা— বিশেষ করে হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারগুলোর একজন, প্রধানত যে নারী পরিবারপ্রধান— তাদের কাছে ফ্যামিলি কার্ডের সুফল পৌঁছে দিতে সক্ষম হব। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ এবং এটার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে বেশ ইতিবাচক পরিবর্তন আসছে। কারণ ওই অর্থটাই কেউ হাঁস-মুরগি পালনে ব্যয় করছেন, কেউ সবজির বাগান করছেন, কেউ তার কুটিরশিল্প অর্থাৎ, হাতের কাজের জন্য বিনিয়োগ করছেন, কেউ নিজের অথবা তার অসুস্থ বাচ্চার জন্য ওষুধ কিনছেন, কেউ আবার তার বাচ্চার জন্য একটু ভালো খাবার কিনছেন, কেউ হয়তো নিজের পরিবারের অন্যদের জন্য ওষুধপত্র ক্রয় করছেন। অর্থাৎ নারী তার পরিবারে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও সক্রিয় অংশগ্রহণ করতে পারছেন। নারীর অর্থনৈতিক স্বয়ম্ভরতা যখন বাড়ে, তখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তার গুরুত্বও বাড়ে।
এ কর্মসূচিটার ছয় মাস হয়েছে মাত্র। এর ফলাফল মূল্যায়ন করা হচ্ছে। সেটার ফল জনসমক্ষে প্রকাশ করা হবে। ফলাফল মূল্যায়নে দেখেছি, এটি গ্রামীণ অর্থনীতিতে একটি খুবই ইতিবাচক প্রভাব ফেলেছে এবং মানুষের কাছে এটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। সর্বোপরি এটির সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে— এটির মধ্যে কোনো ডিসক্রিমিনেশন (বৈষম্য) নেই। যেকোনো একটি ভৌগোলিক এলাকার মধ্যে ওই এলাকার যারা হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত— সবাই এই কার্ড পাচ্ছেন। এখানে ধর্মীয় কিংবা রাজনৈতিক কোনো বিভাজন নেই অর্থাৎ, কোনো ধরনের ডিসক্রিমিনেশন নেই। সো, দিস ইজ দ্য বিউটি অব দিস প্রোগ্রাম। কোনো ধরনের ম্যানিপুলেট অর্থাৎ, কাকে দেবেন, কাকে দেবেন না— এরকম করার কোনো সুযোগ এখানে নেই। বিকজ, এভরিবডি ইজ গেটিং দিস কার্ড। এটি হলো এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি দিক।
আগামীর সময়: আগামী এক বছরে আপনার দায়িত্বে থাকা সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সবচেয়ে দৃশ্যমান দুই বা তিনটি অর্জন কী হবে?
ডা. জাহিদ হোসেন: প্রথমটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এটা যদি আমরা প্রতি বছর ৪১ লাখ পরিবারকে দিতে পারি, এনসিওর (নিশ্চিত) করতে পারি এবং এতে যদি মানুষের অর্থনৈতিক স্বয়ম্ভরতা (স্বনির্ভরতা) বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে নারীদের অর্থনৈতিক স্বয়ম্ভরতা বাড়ে— এটা দেশের অর্থনীতিতে একটা যুগান্তকারী ইতিবাচক ভূমিকা রাখবে। যার মাধ্যমে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি বেড়ে যাবে এবং মানুষের দারিদ্র্য কমবে; মানুষ দারিদ্র্যসীমার নিচ থেকে আরও কিছুটা ওপরের দিকে চলে আসবে বলে আমরা বিশ্বাস করি।
আরেকটা হচ্ছে বাল্যবিয়ে এবং ভায়োলেন্স এগেইনস্ট দ্য চিলড্রেন অ্যান্ড উইমেন— এটার বিরুদ্ধে একটা ব্যাপক জনসচেতনতা তৈরি করা। বাল্যবিয়ে নিরোধের জন্য মানুষকে উৎসাহিত করা এবং শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করা, যাতে এটা আরও বেশি করে প্রতিরোধ হয়, মানুষ এটাতে নিরুৎসাহিত হয় এবং আমরা সবাই যাতে সচেতন থাকি। কাজেই এটা হবে আমাদের একটা বড় দিক।
সোশ্যাল সেফটিনেস (সামাজিক নিরাপত্তা) অর্থাৎ, সুবিধাবঞ্চিত মানুষকে ভালো রাখতে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগিতা করার জন্য সরকারের বিভিন্ন কর্মসূচি রয়েছে। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, তাদের দক্ষতা বৃদ্ধি, তাদের পুনর্বাসন, তাদের পরিবারের পুনর্বাসনে কাজ করছি। পাশাপাশি প্রতিবন্ধীদের শিক্ষা দেওয়ার জন্য যে স্কুলগুলো আছে, সেখানকার শিক্ষকদের তৈরি করাও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ। অন্যদিকে এ সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলতে আমরা যাদের বোঝাই— সে মানুষগুলোকে শিক্ষা দেওয়া, তাদের দক্ষ করে তোলা, পুনর্বাসিত করা— সেটাও আমাদের একটা যুগান্তকারী কর্মসূচি। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমরা এ কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছি।
এ ছাড়া ভিক্ষাবৃত্তি প্রতিরোধ করার জন্যও আমরা কাজ করছি। আমাদের লক্ষ্য— বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিশেষ করে দুস্থ নারী, পথশিশু, ভিক্ষুক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে পুনর্বাসন করা; তাদের সমাজে প্রতিষ্ঠিত করা। এজন্য তাদের এমন কিছু ভোকেশনাল ট্রেনিং দেওয়া, যাতে করে তারা নিজেরা কাজ পায়, নিজেরা উদ্যোক্তা হতে পারে এবং নিজেরা আরও ১০ জনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। এ কাজগুলো ইনশা আল্লাহ আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দৃশ্যমান হবে— এ কর্মসূচিটা অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় অত্যন্ত সুচিন্তিত উপায়ে সমস্যাগুলোকে কীভাবে সমাধান করা যায় এবং সাধারণ মানুষকে এটার মধ্যে কীভাবে যুক্ত করা যায়— সে লক্ষ্যে কাজ করছে।
এসব কর্মসূচি বাস্তবায়িত হলে মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে, তাদের অর্থনৈতিক স্বনির্ভরতা বাড়বে। যখন কর্মসংস্থান থাকবে, তখন সমাজে বিশৃঙ্খলার পরিমাণও কমবে। এতে করে মাদকের প্রাদুর্ভাবও অনেকটা কমে যাবে। মানুষ যদি সচেতন হয়, বাল্যবিয়ে কমবে; সে সঙ্গে শিশু ও নারী নির্যাতনের পরিমাণও কমে আসবে। সবার রাইটস অ্যান্ড প্রিভিলেজ সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া, উৎসাহিত করা— এটাও আমাদের একটা কাজ।
আগামীর সময়: আগামী এক বছরে বাস্তবায়নযোগ্য কোন দু-তিনটি সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আপনি জনগণকে দিতে চান, যেগুলোর অগ্রগতি পরিমাপ করা যাবে?
ডা. জাহিদ হোসেন: আমরা যদি আমাদের সরকারের মেয়াদের বাকি সোয়া চার বছরের মধ্যে ফ্যামিলি কার্ড সবার মধ্যে পৌঁছে দিতে পারি— যারা পাওয়ার উপযুক্ত, যাদের উপযুক্ততা আছে, বিশেষ করে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত— এটা জনগণ মাপতে পারবে। এটা সরাসরি তাদের কাছে চলে যাচ্ছে। তারপর সামাজিক যে সেফটিনেট প্রোগ্রাম, সেটা যদি আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি— এটাও পরিমাপ করা যাবে এবং এর প্রভাব আপনি সমাজে বুঝতে পারবেন। যদি পরিসংখ্যান দেখেন, বাল্যবিয়ে-শিশু ও নারী নির্যাতন কমছে কি না— এগুলো আপনি মাপতে পারবেন। সুতরাং এগুলো কমিয়ে আনা এবং এর বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করা আমাদের একটা নির্বাচনী অঙ্গীকার। এগুলো বাস্তবায়নে আমরা কাজ করছি। কাজেই দুই থেকে তিন বছর পর আপনি ইনসিডেন্স (ব্যাপ্তি) মাপতে পারবেন, এটার সাফল্য উপলব্ধি করতে পারবেন।
আগামীর সময়: নির্ধারিত সময়ে এসব প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে আপনি কীভাবে জনগণের কাছে জবাবদিহি করবেন?
ডা. জাহিদ হোসেন: যে কথাগুলো বললাম, যদি েদখা যায় দুই বা তিন বছর পর সেগুলো বাস্তবায়ন হয়নি বা হচ্ছে না— তখন স্বাভাবিকভাবেই জবাবদিহির একটা বিষয় আছে। সেক্ষেত্রে সবচেয়ে প্রথমে আমার নিজের বিবেকের কাছে, তারপর এই দেশের মানুষের কাছে এবং পার্লামেন্টের কাছে আমার দায়বদ্ধতা আছে। কাজেই আমার দায়বদ্ধতা সর্বত্রই। সেজন্য প্রতিটি কর্মসূচি আমরা বুঝে-শুনে, চিন্তা-ভাবনা করে গ্রহণ করে থাকি। আমরা আজকে যা বলছি, যা করছি— কালকে কিন্তু মানুষ সেটা খেয়াল রাখবে। কাজেই আমার কর্ম এমনভাবে নির্ধারিত হওয়া উচিত, আমার দায়বদ্ধতার জায়গা থেকে যদি কেউ আমাকে পরিমাপ করতে যায়, সে যেন একটা সঠিক পরিমাপ করতে পারে।
মানুষের ব্যর্থতা থাকতেই পারে। কিন্তু আমাদের মধ্যে কোনো ধরনের ডগমেটিজম (গোঁড়ামি) নেই। আমাদের লার্নিং বাই ডুইং (কাজ করার মাধ্যমে শেখা)— এটা যেমন আছে, তেমনি আমাদের ফিজিবিলিটি স্টাডিও (সম্ভাব্যতা যাচাই) আছে। ফ্যামিলি কার্ড আমরা প্রথমে পাইলটিং করেছি, তারপর ফরমাল ইনস্টলেশনে (আনুষ্ঠানিক উদ্বোধনে) আমরা প্রোগ্রামটা রোলআউট (চালু) করতে গেছি। সুতরাং আমরা মনে করি, দায়বদ্ধতার জায়গায় আমরা অবশ্যই দায়বদ্ধ। সেই দায়বদ্ধতার জায়গা থেকে দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা অত্যন্ত সচেতনভাবে এগিয়ে যাচ্ছি। বাকিটা বিচার্যের বিষয় হতে পারে দেশের জনগণের।



