ববি হাজ্জাজ
ডিভাইসে আটকে যাচ্ছে নতুন প্রজন্ম

বুধবার বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিশুরা হাতে ট্যাবসহ বিভিন্ন ডিজিটাল যন্ত্র নিয়ে ব্যস্ত থাকছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেছেন, ‘শিশুদের স্বাভাবিক কৌতূহল ও জানার আগ্রহ বাঁচিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে শিশুরা সেই সুযোগ পাচ্ছে না।’
আজ বুধবার বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনে ‘প্রাথমিক স্তরে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) শিক্ষা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও আগামীর ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সভায় ববি হাজ্জাজ বলেছেন, গত একশ বছরে প্রতিটি প্রজন্মের বুদ্ধিমত্তার মাত্রা বেড়েছে। তবে এবারই প্রথম নতুন আলফা প্রজন্মের বুদ্ধিমত্তার মাত্রা কমছে। শিক্ষাব্যবস্থা বর্তমানে অত্যন্ত সংকটপূর্ণ অবস্থায় রয়েছে।
তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের এ সময়ে শিক্ষার্থীদের কৌতূহল, বিশ্লেষণী চিন্তাশক্তি এবং সামগ্রিক বুদ্ধিমত্তা যেন বৃদ্ধি পায়, তা নিশ্চিত করা জরুরি। এসব সক্ষমতা যাতে কমে না যায়, সে দায়িত্ব দেশের শিক্ষাব্যবস্থার পাশাপাশি সবার।
এক্ষেত্রে শিক্ষকদের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষকতা সবচেয়ে মহৎ পেশা। আগামী প্রজন্মকে গড়ে তুলতে সবচেয়ে মেধাবীদের শিক্ষকতা পেশায় আনতে হবে। আর মেধাবীদের এই পেশায় আকৃষ্ট করতে হলে তাদের সর্বোচ্চ বেতন দিতে হবে।’
শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে আনন্দদায়ক শিক্ষার বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার উপকরণ হিসেবে খেলনা তৈরির কাজ শুরু হয়েছে। এরই মধ্যে ৪২০টি খেলনার নকশা তৈরি হয়েছে। প্রথম শ্রেণিতে যোগ-বিয়োগ শেখানো এবং তৃতীয় শ্রেণিতে পরিসীমা ও ক্ষেত্রফল বোঝানোর জন্য এসব খেলনা ব্যবহার করা হবে।’
প্রতিমন্ত্রী জানালেন, কোন অধ্যায়ে কোন খেলনার মাধ্যমে কী শেখানো যায়, তা নিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কাজ শুরু করেছে। পাশাপাশি দেশের স্বনামধন্য খেলনা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করা হচ্ছে, যাতে শিক্ষাক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব উপকরণ তৈরি করা যায়।
সভায় উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা।



