মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

গ্রাফিকস: আগামীর সময়
দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করার লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের ব্রিফ করবে সরকার।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির কূটনীতিকদের ব্রিফ করবেন বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সোমবার ঢাকায় অবস্থিত সব কূটনৈতিক মিশন, জাতিসংঘ সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের এই ব্রিফিংয়ে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।
এদিকে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে ‘সাইবার নিরাপত্তা (সংশোধনী) আইন, ২০২৬’-এর খসড়ার ওপর একটি পরামর্শমূলক সভার আয়োজন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য সকল কূটনৈতিক ও কনসুলার মিশন, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়, জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলো এবং বাংলাদেশে কর্মরত উন্নয়ন সহযোগীদের আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আইনটিকে কার্যকর এবং আন্তর্জাতিক অনুশীলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে খসড়াটি চূড়ান্ত করার আগে এ সভায় প্রস্তাবিত সংশোধনীগুলো তুলে ধরা হবে এবং অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হবে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সভায় প্রধান অতিথি থাকবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এতে সভাপতিত্ব করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।



