ছেলের মুক্তির আশায় ৫ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান
- লিবিয়ায় জিম্মি সাইফুলের পরিবারকে একের পর এক মুক্তিপণের হুমকি
- মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানা (৪৫)। ছবি : সংগৃহীত
জিম্মি ছেলেকে ফিরে পাওয়ার আশায় একবার নয়, কয়েক দফায় পাঁচ লাখ টাকা পাঠিয়েছিলেন ৭০ বছর বয়সী বাবা আব্দুস সামাদ। ভেবেছিলেন, টাকা পেলেই হয়তো ছেলের সঙ্গে কথা বলার সুযোগ মিলবে। খুলবে তার মুক্তির পথ।
কিন্তু টাকা নিয়েও কথা রাখেনি অপহরণকারীরা। ছেলের কোনো সন্ধান তো মেলেইনি, উল্টো তাকে উদ্ধারের কথা বলে পরে আরও ৪২ লাখ টাকা দাবি করা হয়। শেষ পর্যন্ত প্রতারণার শিকার হয়ে আইনের আশ্রয় নেন এই অসহায় বাবা।
বাবার দায়ের করা মামলার তদন্তে নেমে মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে লিবিয়ায় জিম্মি থাকা সাইফুলের সন্ধান এখনো মেলেনি।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ শুক্রবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানা (৪৫) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে মো. সাইফুলের বয়স ৩৯ বছর।
পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন এবং স্বচ্ছলতার আশায় প্রায় দুই বছর আগে বাংলাদেশি দালাল সোহেলের মাধ্যমে লিবিয়ায় যান তিনি। পরিবারের আশা ছিল, বিদেশে কাজ করে উপার্জিত অর্থে ঘুচবে অভাব-অনটন। ফিরবে স্বস্তি। কিন্তু সেই স্বপ্নই একসময় পরিবারের জন্য দুঃস্বপ্ন হয়ে ওঠে।
২০২৫ সালের ৫ আগস্ট দুপুরে লিবিয়ার একটি মোবাইল নম্বর থেকে সাইফুলের স্ত্রীর ফোনে কল আসে। অপর প্রান্ত থেকে জানানো হয়, সাইফুল তাদের হেফাজতে জিম্মি রয়েছেন। তাকে জীবিত ফিরে পেতে ৩০ লাখ টাকা দিতে হবে বলেও হুমকি দেওয়া হয়। অন্যথায় তাকে হত্যা করা হবে বলে জানায় অপহরণকারীরা।
এমনকি মুক্তিপণের অর্ধেক টাকা পরিশোধ না করা পর্যন্ত সাইফুলের সঙ্গে পরিবারের কাউকে কথা বলতেও দেওয়া হবে না বলে জানানো হয়।
স্বামীর জীবন বাঁচানোর আশায় দিশেহারা হয়ে পড়েন সাইফুলের স্ত্রী। তিনি বিষয়টি জানান শ্বশুর আব্দুস সামাদকে। ৭০ বছর বয়সী এই বাবা ছেলের জীবন রক্ষায় অর্থ জোগাড়ের চেষ্টা শুরু করেন।
শেষ পর্যন্ত ২০২৫ সালের ১০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত কয়েক দফায় পাঁচ লাখ টাকা পাঠানো হয়। সুন্দরগঞ্জের বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকান থেকে অভিযুক্তদের দেওয়া একাধিক মোবাইল নম্বরে এ টাকা পাঠানো হয়।
পরিবারের বিশ্বাস ছিল, টাকা পাওয়ার পর অন্তত সাইফুলের সঙ্গে কথা বলার সুযোগ দেবে অপহরণকারীরা। হয়তো ছেলেকে ফিরিয়ে আনারও একটি পথ তৈরি হবে। কিন্তু পাঁচ লাখ টাকা নেওয়ার পরও কথা রাখেনি চক্রটি। সাইফুলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ করিয়ে দেওয়া হয়নি। অনিশ্চয়তা আর উৎকণ্ঠার মধ্যে দিন কাটতে থাকে তার স্বজনদের।
সিআইডি জানিয়েছে, এরপর সোহেল নামের এক ব্যক্তি সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। তিনি দাবি করেন, সাইফুলের বিষয়ে তার কাছে সব তথ্য রয়েছে।
প্রয়োজনে তিনি নিজেই লিবিয়ায় গিয়ে সাইফুলকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনবেন বলেও আশ্বাস দেন। এ জন্য সাইফুলের স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় আসতে বলেন তিনি। তবে সেখানে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে সোহেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এরপর অন্য একটি নম্বর থেকে সাইফুলের বাবা আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করা হয়। এবার ছেলেকে উদ্ধারের কথা বলে আরও ৪২ লাখ টাকা দাবি করা হয়।
ফোনে জানানো হয়, লিবিয়ায় মোকাররম ও আনোয়ার নামের দুই ব্যক্তির কাছে সাইফুল আটক রয়েছেন। তাদের কাছ থেকেই আব্দুস সামাদের মোবাইল নম্বর সংগ্রহ করা হয়েছে।
একদিকে ছেলের জীবন নিয়ে দুশ্চিন্তা, অন্যদিকে বারবার মুক্তিপণের দাবি। এমন পরিস্থিতিতে আর্থিক ও মানসিকভাবে ভেঙে পড়েন আব্দুস সামাদ।
শেষ পর্যন্ত তিনি জানিয়ে দেন, ছেলের সঙ্গে সরাসরি কথা বলিয়ে না দিলে আর কোনো টাকা দেবেন না। এরপর থেকে তার কিংবা সাইফুলের স্ত্রীর মোবাইল ফোনে আর কোনো কল আসেনি।
ছেলেকে ফিরে না পেয়ে এবং প্রতারণার শিকার হয়ে আব্দুস সামাদ ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় করা মামলাটির তদন্তভার নেয় সিআইডির টিএইচবি ইউনিট।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানিয়েছেন, তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নাটোরের সিংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মনোয়ার হোসেন ও সোহেল রানাকে গ্রেপ্তার করে সিআইডির একটি দল।
সিআইডির দাবি, লিবিয়ায় সাইফুলকে জিম্মি করে পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের ঘটনায় মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত তারা।
তবে সাইফুল এখনো লিবিয়ায় আটক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাকে কোথায় এবং কী অবস্থায় আটকে রাখা হয়েছে, তা জানার চেষ্টা চলছে।
গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মানব পাচারের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্তের চেষ্টা করছে সিআইডি। একই সঙ্গে পাচারের রুট এবং চক্রের দেশি-বিদেশি সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।



