পোশাকশিল্পের বাধা দূর করতে বললেন প্রধানমন্ত্রী

পোশাকশিল্প বিকাশের পথে দ্রুত প্রতিবন্ধকতা দূর করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজেএমইএ) একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে তিনি এই নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল বলছিলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে বিজেএমইএ প্রতিনিধিরা তাদের শিল্পের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। কীভাবে সমস্যাগুলো সমাধান করা যায়— তা নিয়ে তারা স্বল্প ও দীর্ঘমেয়াদি কিছু দাবি-প্রস্তাবনাও উপস্থাপন করেছেন।’
‘প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতাদের বক্তব্য শুনেছেন এবং এ ব্যাপারে দ্রুত প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন।’
বিজেএমইএ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান।
বৈঠকে প্রধানমন্ত্রী বললেন, ‘আপনাদের সমস্যা সমাধানে এরই মধ্যে সরকার কাজ শুরু করেছে। সমস্যাগুলো দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। এজন্য সময় লাগবে। তবে পোশাকশিল্পের যেসব সমস্যা ‘এখনই’ সমাধান করা যাবে— তা যাতে দ্রুত হয়, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।’
বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করতে বিজেএমইএর সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলছিলেন, ‘পোশাকশিল্পের বিকাশে অবকাঠামোর উন্নয়ন করা গেলে দেশের অর্থনীতির চাকা ঘুরবে, দেশ সমৃদ্ধির পথে এগোবে। সেজন্য আমাদের সরকার এই শিল্পের টেকসই উন্নয়নে কাজ করছে।’
এ সময় ব্যবসা-বাণিজ্যবান্ধব বাজেট প্রণয়নের কথাও বলেছেন প্রধানমন্ত্রী।
উপ-প্রেস সচিব জানালেন, ‘প্রধানমন্ত্রী বিজেএমইএর প্রতিনিধিদলকে বলেছেন— এই শিল্পের বিকাশে যা যা করার দরকার, সরকার তা করবে। এ সরকার ক্ষমতায় বসেছে জনগণের সমস্যার সমাধান করতে।’
পরে বিজেএমইর পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




