দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় পৌঁছেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
দ্বিপক্ষীয় সফরের উদ্দেশ্যে শ্রীলঙ্কায় পৌঁছেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ মঙ্গলবার বিকালে বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডি এম সালাহউদ্দিন মাহমুদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাষ্ট্রদূত ভারুনি মুতুকুমারানা।
সফরকালে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। এ ছাড়া শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বহুমুখী সহযোগিতাকে আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি, তিনি শ্রীলঙ্কার ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বাংলাদেশ-শ্রীলঙ্কা জয়েন্ট কনসালটেটিভ কমিশন ফর কম্প্রিহেনসিভ কো-অপারেশন’ (সামগ্রিক সহযোগিতার জন্য বাংলাদেশ-শ্রীলঙ্কা যৌথ পরামর্শক কমিশন) প্রতিষ্ঠার বিষয়ে একটি সমঝোতা স্মারকেও স্বাক্ষর করবেন।
দুদিনের সরকারি সফর শেষে ১৯ নভেম্বর শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর।



