বিকালে ঢাকার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর হার্টে পরানো হবে রিং, অবস্থা স্থিতিশীল

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রের দুটি ধমনিতে (আর্টারি) ব্লক ধরা পড়েছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ডাবল ভেসেল ডিজিজ বলা হয়।
ব্লক অপসারণে আজ রবিবার বিকালে ঢাকার একটি হাসপাতালে তার হার্টে রিং (স্টেন্ট) স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ডা. মো. ফজলে রাব্বী খান এই তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। বিকালে সফলভাবে রিং পরানোর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তার শারীরিক অবস্থার বিষয়ে পরবর্তী হালনাগাদ তথ্য জানানো হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
এর আগে ১৪ নভেম্বর স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বুকে ব্যথা অনুভব করার কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ওই দিনই হাসপাতালটির হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে তার হার্টের এনজিওগ্রাম সম্পন্ন হয়।




