রক্তরোগের চিকিৎসা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

সংগৃহীত ছবি
রক্তরোগে আক্রান্ত রোগীদের দেশে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গবেষণা বাড়ানো এবং তরুণ চিকিৎসকদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক নিশ্চিত করতে হেমাটোলজিস্টদের পদায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
গতকাল বুধবার শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের (এইচএসবি) দুই দিনব্যাপী সপ্তম বার্ষিক সম্মেলন ‘হেমাটোকন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী।
‘Shaping Tomorrow’s Haematology’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে বাহরাইন, ভারত, যুক্তরাজ্য, ইতালি, পাকিস্তান ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের পাশাপাশি দেশের বিশিষ্ট হেমাটোলজিস্ট, চিকিৎসক ও গবেষকরা অংশ নেন।
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সম্মেলনের মেম্বার সেক্রেটারি ও সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. আদনান হাসান মাসুদ, বৈজ্ঞানিক কমিটির কনভেনার ডা. মুজাহিদা রহমান এবং সোসাইটির বৈজ্ঞানিক সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মনিরুল ইসলামসহ দেশের বিশিষ্ট হেমাটোলজিস্টরা।
অনুষ্ঠানে বক্তারা বলেছেন, রক্তরোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক, গবেষক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে এম এ রশিদ গ্রান্টের বিজয়ীদের হাতে গবেষণা অনুদান তুলে দেওয়া হয়। এ ছাড়া 'Haematology Journal of Bangladesh'-এর গবেষণাপত্র মূল্যায়নে অবদানের স্বীকৃতি হিসেবে রিভিউয়ারদের সনদ ও সম্মানী দেওয়া হয়।
সম্মেলনের প্রথম দিনে থ্যালাসেমিয়া, লিম্ফোমা, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া (সিএমএল) ও অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া (এএমএল) নিয়ে বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে প্রাপ্তবয়স্কদের অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া (এএলএল), হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন (এইচএসসিটি), সেলুলার থেরাপি ও ক্যানসার ইমিউনোথেরাপি নিয়ে বিভিন্ন সেমিনার অনুষ্ঠিত হয়।
সমাপনী বক্তব্যে অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির সম্মেলন আয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবদান এবং হেমাটোলজি চিকিৎসা ও গবেষণার উন্নয়নে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। পরে ডা. গোলজার হোসেন উজ্জলের পরিকল্পনা ও সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধনী আয়োজন শেষ হয়। এতে আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য ও ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনাগুলো তুলে ধরা হয়।
আয়োজকরা জানিয়েছেন, হেমাটোলজি গবেষণার প্রসার, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং রক্তরোগে আক্রান্ত রোগীদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করাই সম্মেলনের মূল লক্ষ্য।



