দেশে আলাদা এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

সংগৃহীত ছবি
দেশে ডায়াবেটিস, থাইরয়েডসহ বিভিন্ন হরমোনজনিত রোগের চিকিৎসা ও গবেষণার জন্য আলাদা এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, দেশে বিভিন্ন রোগের চিকিৎসায় বিশেষায়িত অনেক প্রতিষ্ঠান গড়ে উঠলেও এন্ডোক্রাইনোলজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো কোনো জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়নি।
এ বিষয়ে সুপরিকল্পিতভাবে অ্যাডভোকেসি শুরু করতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের চিকিৎসাসেবা ও গবেষণার স্বার্থে সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নবম আন্তর্জাতিক এন্ডোক্রাইন কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ‘দেশে বারডেম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা মেডিকেল কলেজের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে এন্ডোক্রাইনোলজি নিয়ে ব্যাপক কাজ হচ্ছে। সাধারণ মানুষ ব্যাপক হারে ডায়াবেটিস, থাইরয়েডসহ নানা হরমোনজনিত জটিলতায় ভুগছেন। তাই এ বিষয়ের গুরুত্ব ও যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট প্রতিষ্ঠার সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করা প্রয়োজন।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘অতীতের বিভিন্ন কর্মকাণ্ডে স্বাস্থ্য খাতসহ নানা ক্ষেত্রে বিভক্তি এবং মানুষকে অসম্মান করার যে সংস্কৃতি তৈরি হতে দেখেছি, প্রধানমন্ত্রী তা ভেঙে দেশকে ঐক্যবদ্ধ করার নিরলস চেষ্টা করছেন। এই ইতিবাচক চর্চাই সমাজ ও স্বাস্থ্য খাতকে এগিয়ে নেবে।’
ডায়াবেটিস, থাইরয়েড ও স্থূলতার মতো রোগ হিউম্যান ফিজিওলজি ও প্যাথলজির বড় ক্ষেত্রজুড়ে রয়েছে উল্লেখ করে তরুণ চিকিৎসকদের এসব বিষয়ে গবেষণায় বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তরুণ গবেষকেরা আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে যৌথভাবে কাজ করে আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে দেশের উপাত্ত ও গবেষণা প্রকাশ করবেন বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ড. ফারিয়া আফসানা সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন সংগঠনটির চিফ পেট্রোন ফারুক পাঠান, ডা. নাসির উদ্দিন আহমেদ ও রিসার্চ সেক্রেটারি ডা. নাজমা আক্তার।



