পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান

সালাহউদ্দিন নোমান চৌধুরী
দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। তাকে দায়িত্ব দিয়ে আজ রবিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হলেন সালাহউদ্দিন নোমান। আজ মন্ত্রণালয়ে আসাদ আলম সিয়ামের বিদায় অনুষ্ঠান হয়। সেখানেই পরিচয় করিয়ে দেওয়া হয় সালাহউদ্দিন নোমানকে।
২০২৫ সালের ২০ জুনে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন আসাদ আলম সিয়াম। এ পদে তাকে নিয়োগ দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। গত সেপ্টেম্বরে তাকে নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার করা হচ্ছে বলে নিশ্চিত করা হয়।
অন্যদিকে ২০২৫ সালের জানুয়ারি থেকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করে আসা সালাহউদ্দিন নোমানকে এরই মধ্যে সদর দপ্তরে ফিরিয়ে এনেছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরেও সঙ্গী হয়েছিলেন এই কূটনীতিক।
জাতিসংঘে স্থায়ী প্রতিনিধির দায়িত্বে যাওয়ার আগে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন সালাহউদ্দিন নোমান। ২০২০ সালের ১১ নভেম্বর থেকে তিনি এই দায়িত্ব পালন করে আসছিলেন।
১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া এই কূটনীতিক বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) থেকে স্নাতক ডিগ্রিধারী।
নেপালে রাষ্ট্রদূত হওয়ার আগে দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে কাজ করেছেন।
এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন, বহিঃপ্রচার, বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়াবলি, প্রটোকল, জাতিসংঘ ও দক্ষিণ–পূর্ব এশিয়া অনুবিভাগ এবং ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন পদে কাজের অভিজ্ঞতা আছে তার।




