সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লেডি বাইকারের

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লেডি বাইকার ঋদ্ধি ঠক্কর (২৪)। ছবি: সংগৃহীত
ভারতের ছত্তিশগড় রাজ্যের ধামতরি জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ঋদ্ধি ঠক্কর (২৪) নামে মুম্বাইয়ের এক লেডি বাইকার। বুধবার ৩০ নম্বর জাতীয় সড়কের মারকা তোলা গ্রামের কাছে একটি লরি তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটে এ দুর্ঘটনা।
নিহত ঋদ্ধি মুম্বাইয়ের কান্দিভালির বাসিন্দা। জানা গেছে, ২৩ জন নারী মোটরসাইকেল আরোহীর একটি দলের সঙ্গে মুম্বাই থেকে বস্তারের উদ্দেশে যাত্রা করেছিলেন তিনি। পথে বিপরীত দিক থেকে আসা একটি লরি তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ঋদ্ধি।
দুর্ঘটনার পর স্থানীয়রা জরুরি নম্বর ১১২-এ ফোন করে সহায়তা চান। পরে আহত ঋদ্ধিকে প্রাথমিক চিকিৎসার জন্য চারামার একটি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ধামতরির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে ঋদ্ধির মরদেহ ময়নাতদন্তের জন্য ধামতরি জেলা হাসপাতালে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় মামলা করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ ক্রয়া হচ্ছে ঋদ্ধির সঙ্গে থাকা নারী মোটরসাইকেল আরোহীদের দলের অন্য সদস্যদেরও।





