যদি

হিজল ফুল বাংলার প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। বর্ষাকালে হিজলগাছে ছোট ছোট লালচে ফুল ফোটে। নদী, খাল কিংবা বিলের পাড়ে দাঁড়িয়ে থাকা হিজলগাছ বর্ষার সৌন্দর্যকে যেন আরও বহুগুণ বাড়িয়ে দেয়। বৃষ্টিভেজা পরিবেশে হিজল ফুলের সৌন্দর্য মনকে এক অদ্ভুত মায়ায় জড়িয়ে রাখে। আমার বাড়ির সামনের পুকুরে একটি হিজলগাছ ছিল। এখন আর নেই। অথচ গাছটি আমার কাছে শুধু একটি গাছ ছিল না, ছিল আমার শৈশব-কৈশোরের এক টুকরো পৃথিবী। ভোরের আলো ফুটতেই গাছে ফুল ফুটত। তারপর আলতো বাতাসে কিংবা আপন নিয়মে ফুলগুলো ঝরে পড়ত পুকুরে। দেখতে দেখতে পুরো পুকুরের বুকে বিছিয়ে যেত হিজল ফুলের লাল চাদর। সবুজ পাতার ফাঁকে লালচে ফুলের ঝুলে থাকা দৃশ্যটিও ছিল ভীষণ মায়াময়।
সেই পুকুরে হিজল ফুলের লাল চাদর ঠেলে ঠেলে গোসল করতাম আমি। পানিতে ডুব দিয়ে মাথা তুলে দাঁড়ালেই ফুলে ফুলে ঢেকে যেত শরীর। কখনো মাথায়, কখনো কাঁধে, কখনো বা বুকের ওপর এসে জমা হতো ফুলগুলো। হাত দিয়ে সরিয়ে দিলেও আবার ভেসে এসে গায়ে লেগে থাকত। গোসলের চেয়ে পানিতে ভেসে থাকা আর ফুলের সঙ্গে মেতে থাকার আনন্দটাই ছিল বেশি।
যেদিন পুকুরে বেশি সময় কাটাতাম, সেদিনই বিপদ! দাদি এসে পানি থেকে টেনে তুলতেন। কখনো কান ধরে, কখনো বকাঝকা করতে করতে ঘরে নিয়ে যেতেন। তারপর শুরু হতো শাসন। আর কোনো দিন এতক্ষণ পুকুরে থাকব না— এমন প্রতিশ্রুতির বিনিময়ে মায়ের মধ্যস্থতায় মিলত মুক্তি।
আজ সেই পুকুরটি আর নেই। দাদিও নেই। পুকুরটি ভরাট করে সেখানে বাড়ি উঠেছে। আশপাশেও গড়ে উঠেছে আরও কত ঘরবাড়ি। এখন সেখানে দাঁড়ালে বোঝার কোনো উপায় নেই, একসময় এখানে বিশাল একটি পুকুর ছিল। ছিল তার বুকে ভেসে থাকা হিজল ফুলের লাল চাদর। আর ছিল একটি শিশু, যে ফুলের সঙ্গে খেলতে খেলতে নিজের অজান্তেই জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো পার করে দিচ্ছিল।
সেদিন পুরনো বাড়িতে গিয়ে হঠাৎ করেই মনে পড়ল সেই হিজল গাছটির কথা। মনে পড়ল দাদির মুখটাও। কত সাধারণ কিছু মুহূর্ত যে একদিন অসাধারণ স্মৃতি হয়ে হৃদয়ের গভীরে জায়গা করে নেয়, তা বুঝতে বুঝতেই সময় ফুরিয়ে যায়।
জীবনে কত কিছুই তো হারিয়ে যায়! শৈশবের পুকুর হারিয়ে যায়, হারিয়ে যায় প্রিয় গাছ, পরিচিত উঠোন, আপন মানুষ। একদিন হয়তো স্মৃতিরাও ঝাপসা হয়ে আসে। শুধু বুকের গভীরে কোথাও পড়ে থাকে কিছু দৃশ্য, কিছু কণ্ঠস্বর, কিছু ঘ্রাণ আর একরাশ না-বলা দীর্ঘশ্বাস। চোখ বন্ধ করলেই আজও দেখতে পাই, পুকুর জুড়ে বিছিয়ে আছে হিজল ফুলের লাল চাদর। আমি সেই চাদর ঠেলে পানিতে ভেসে বেড়াচ্ছি। দূর থেকে দাদি ডাকছেন—‘এই, আর কতক্ষণ থাকবি?’
ইশ্! যদি আর একবার সেই ডাকটি শুনতে পেতাম!



