কণিকা
লক্ষ্যাপারের ‘বর্ষা অধিবেশন’ শুক্রবার

‘বর্ষা অধিবেশন’ আয়োজন করেছে লক্ষ্যাপার
বর্ষার সুর, প্রকৃতি ও শিল্পকলার আবহে ‘বর্ষা অধিবেশন’ আয়োজন করেছে লক্ষ্যাপার। আজ শুক্রবার নারায়ণগঞ্জের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরীক্ষা থিয়েটার হলে (পঞ্চমতলা) অনুষ্ঠিত হবে এ আয়োজন। অনুষ্ঠানে বিকাল ৫টা ১৫ মিনিট থেকে ৫টা ৩৫ মিনিট পর্যন্ত জলযোগ ও আড্ডা, ৫টা ৪৫ মিনিটে আসনগ্রহণ এবং সন্ধ্যা ৬টা থেকে মূল পরিবেশনা শুরু হবে।
আয়োজকদের ভাষ্য, শাস্ত্রীয় সংগীতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী মিয়াঁ তানসেনকে ঘিরে প্রচলিত কিংবদন্তি এবং বাংলার লোকসংস্কৃতিতে গান, ছড়া কেটে বৃষ্টি আহ্বানের ঐতিহ্যকে উপজীব্য করেই সাজানো হয়েছে এ আয়োজন। মিয়াঁ কি মল্লার, মেঘ, দেশমল্লার, নাটমল্লার, জয়জয়ন্তী ও রামদাসী মল্লার প্রভৃতি রাগের সুরে বর্ষার নানা রূপ তুলে ধরবেন নবীন শিল্পীরা। বর্ষার স্নিগ্ধতা, মেঘ-বৃষ্টি ও শাস্ত্রীয় সংগীতের অনন্য আবহ উপভোগ করতে সংস্কৃতিপ্রেমী দর্শক-শ্রোতাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে লক্ষ্যাপার।




