‘মানুষের কাছ থেকেই সবচেয়ে বেশি শিখেছি’

সংগৃহীত ছবি
বর্ণাঢ্য এক জীবনের সাত দশক পেরিয়ে ৭৪তম জন্মদিনে পথিকৃৎ আলোকচিত্রী ফিরে দেখলেন তার দীর্ঘ শিল্পযাত্রা। তিনি বললেন, ‘জীবনের এই প্রান্তে এসে মনে হচ্ছে, আমি আসলে শুধু মানুষের ছবি তুলিনি; মানুষের সময়, স্বপ্ন, সংগ্রাম, নীরবতা এবং ইতিহাসের ক্ষণিক আলো-ছায়াকেই ধারণ করার চেষ্টা করেছি। প্রায় সাড়ে পাঁচ দশকের এই শিল্পযাত্রায় আমি যতটা সৃষ্টি করেছি, তার চেয়ে অনেক বেশি শিখেছি মানুষের কাছ থেকে।’
গত ১ জুলাই ছিল নাসির আলী মামুনের ৭৪তম জন্মদিন। এ উপলক্ষে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়ে তিনি বললেন, ‘আমার প্রতি আপনাদের অগাধ ভালোবাসা, আস্থা, সমালোচনা ও অনুপ্রেরণাই আমাকে আজও নতুন করে ভাবতে শেখায়। একজন শিল্পীর সবচেয়ে বড় পুরস্কার মানুষের হৃদয়ে একটি ছোট্ট জায়গা করে নেওয়া— আমি নিজেকে সেই সৌভাগ্যের অংশীদার মনে করি। আমি বিশ্বাস করি, শিল্প কোনো বিলাসিতা নয়; শিল্প মানুষের আত্মপরিচয় খুঁজে পাওয়ার এক নিরন্তর যাত্রা। একটি প্রতিকৃতি কখনো শুধু একটি মুখ নয়; তা একটি সময়ের সাক্ষ্য, একটি জীবনের দলিল এবং মানবতার এক অনন্ত ভাষা।’
জন্মদিনের বার্তায় তিনি নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘কৌতূহলী থাকুন, প্রশ্ন করতে শিখুন, সত্যকে ভালোবাসুন এবং মানুষের প্রতি আপনার বিশ্বাস কখনো হারাবেন না। পৃথিবী বদলাবে, প্রযুক্তি বদলাবে; কিন্তু মানবিকতা ও সৃজনশীলতার কোনো বিকল্প কখনো হবে না।’




