ব্র্যাডফোর্ড সাহিত্য উৎসবে দিনে ২ লাখ দর্শক

ব্র্যাডফোর্ড সাহিত্য উৎসবের ১২তম আসর
যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড সাহিত্য উৎসবের ১২তম আসরে রেকর্ডসংখ্যক দুই লাখ দর্শক অংশ নিয়েছেন একই দিনে। ১০ দিনের এ আয়োজনে ৭৬২টি অনুষ্ঠানের ভিড়ে মঞ্চ ভাগ করেছেন ফাতিমা ভুট্টো, অলিম্পিক কবি লেমন সিসে, সাবেক বিরোধী নেতা জেরেমি করবিনের মতো তারকারা।
উৎসবের প্রতিষ্ঠাতা সাইমা আসলাম বলেছেন, ‘এমন একটা জায়গা তৈরি করাই লক্ষ্য
ছিল, যেখানে যাদের নিয়ে প্রায়ই কথা বলা হয়, তারা নিজেরাই নিজেদের কথা বলতে পারেন। সাহিত্যের
মাধ্যমেই আমরা নিজেদের বুঝি, একে অন্যকে বুঝতে শুরু করি।’ হিট নেটফ্লিক্স সিরিজ ‘হার্টস্টপার’-এর
তারকা ব্র্যাডলি রিচেস অটিস্টিক বেড়ে ওঠার গল্প শুনিয়েছেন। ১০ বছর বয়স পর্যন্ত কথা
বলতে না-পারা এক শিশু কীভাবে অভিনয়ের মাধ্যমে যোগাযোগের ভাষা খুঁজে পেল, তা উঠে আসে
তার আবেগময় বক্তৃতায়। গ্রিন পার্টির সংসদ সদস্য হানা স্পেন্সার রাজনীতির জীবন নিয়ে
দিয়েছেন ‘মজার আর অকপট’ এক সাক্ষাৎকার। ব্র্যাডফোর্ডের থ্রিলার-লেখক এ এ ধান্ড প্রকাশ
করেছেন নতুন উপন্যাস ‘দ্য কিংপিন’। প্রযুক্তি আর দর্শনের ছোঁয়াও ছিল জমজমাট। আন্তর্জাতিক
মিডিয়া প্ল্যাটফর্ম দোহা ডিবেটস নিয়ে এসেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রাচীন সভ্যতার
পতন আর পৃথিবীর বাইরে বুদ্ধিমান প্রাণের সম্ভাবনা নিয়ে বিতর্ক। ২০২৭ সালের আসর বসবে
১১ থেকে ২০ জুন— ততদিনে যে আরও অনেক অলিখিত গল্প জমা হবে, সেই প্রত্যাশাতেই তাকিয়ে
আয়োজকরা।




