শাহ মুহম্মদ সগীর ও নুরুল মোমেন স্মরণ

বাংলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের যৌথ আয়োজনে গত রবিবার বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে শাহ মুহম্মদ সগীর ও নুরুল মোমেন স্মরণে সেমিনার অনুষ্ঠিত হয়। ‘বর্তমান বাংলাদেশে ইসলামবাদের উত্থানকালে বাংলা সুলতানাতে শাহ মুহম্মদ সগীর রচিত ইসলামমুখী নাট্য-পরিবেশনা ইউসুফ-জুলেখা নিরীক্ষণ’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অনারারি অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ। আলোচনায় অংশ নেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, আরবি বিভাগের অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক। সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।
নুরুল মোমেনের নাটক ‘নেমেসিস: বাংলায় দুর্ভিক্ষের রাজনৈতিক কাব্যতত্ত্ব’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহমান মৈশান। আলোচনায় অংশ নেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেন, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আহমেদুল কবির। সভাপতিত্ব করেন বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী।
সেমিনারে বক্তারা বলেন, দুই কালের দুই কালজয়ী নাট্যস্রষ্টাকে নিয়ে আলোচনায় দেখা যায়, শাহ মুহম্মদ সগীর ও নুরুল মোমেনের শিল্পের কেন্দ্রভাবনা আবর্তিত ছিল মানুষ ও মৃত্তিকাকে ঘিরে। তাদের নাট্য রচনার শিল্পমূল্য বিচার করতে গেলে অবধারিতভাবে তৎকালীন ইতিহাস-রাজনীতি ও সমাজের প্রসঙ্গ চলে আসে। কারণ, প্রাক-ঔপনিবেশিক ও উত্তর-ঔপনিবেশিক বাস্তবতায় শাহ মুহম্মদ সগীর ও নুরুল মোমেন সব কালিক সীমাবদ্ধতা অতিক্রম করে মহাকালের মানুষরতনের নাট্যসাধনায় রত ছিলেন।




