কণিকা
ছোটদের নতুন কাগজ

শিশুদের মেধা ও প্রতিভা বিকাশের উদ্দেশ্যকে সামনে রেখে প্রকাশিত হয়েছে শিশু-কিশোর ম্যাগাজিন ‘শিশু বিচিত্রা’। নামলিপি এঁকেছেন খ্যাতিমান চিত্রশিল্পী হাশেম খান। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। অলংকরণ করেছেন ধ্রুব এষ, মামুন হোসাইন ও মীনাক্ষী বিশ্বাস। ‘শিশু বিচিত্রা’ সম্পাদনা করেছেন কবি ও সম্পাদক গাজী তানভীর আহমদ। বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে ২৪ সেপ্টেম্বর বিকাল ৪টায় আয়োজন করা হয়েছে প্রকাশনা অনুষ্ঠান। প্রবীণ ও নবীন লেখকদের পাশাপাশি সংকলনে স্থান দেওয়া হয়েছে বিভিন্ন শিল্পীর অলংকরণও। নানা মজার বিষয় ও রচনায় সাজানো হয়েছে ‘শিশু বিচিত্রা’। সম্পাদক গাজী তানভীর বললেন, বর্তমানে শিশু সাহিত্য আসর কিংবা শিশুদের নিয়ে আয়োজন কমে গেছে। সময়ের সঙ্গে শিশুদের জগৎও যেন ক্রমেই ছোট হয়ে আসছে। সময়ের অভাবে বাবা-মা অনেক সময় সন্তানদের ঘুরতে নিয়ে যেতে পারেন না, সাহিত্য আসরেও নিয়ে যেতে পারেন না। ফলে মোবাইল ফোননির্ভর এ সময়ে শিশুদের সৃজনশীল জগতেও পড়ছে এর প্রভাব। এমন ভাবনা থেকেই ‘শিশু বিচিত্রা’।



