বিআরটিএতে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন যেভাবে

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) ইন্টার্নশিপের সুযোগ।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) ইন্টার্নশিপের সুযোগ। প্রতিষ্ঠানটিতে ২০২৬-২০২৭ অর্থবছরে তিন মাস মেয়াদে একজন ইন্টার্ন নেওয়া হবে। এ জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। নির্বাচিত ইন্টার্নকে প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অটোমোবাইল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি উল্লিখিত পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে। ইন্টার্নশিপ নীতিমালা-২০২৩ অনুযায়ী একজন প্রার্থী কেবল একবারই ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।
ইন্টার্নশিপের মেয়াদ ও ভাতা
নির্বাচিত প্রার্থীকে তিন মাসের জন্য ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে। এ সময় প্রতি মাসে ১০ হাজার টাকা হারে ভাতা প্রদান করা হবে। তবে এ ভাতার বাইরে অন্য কোনো ধরনের ভাতা বা সুযোগ-সুবিধা দেওয়া হবে না। মন্ত্রণালয় বা অধিদপ্তর নির্ধারিত সুপারভাইজারের অধীনে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে। প্রতি মাসে ভাতা পাওয়ার জন্য সুপারভাইজারের কাছ থেকে সন্তোষজনক কাজের প্রত্যয়ন জমা দিতে হবে।
আবেদনপ্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের বিআরটিএর ওয়েবসাইটের নোটিশ বিভাগ থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক (প্রশাসন), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবন, ষষ্ঠ তলা, নতুন বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা-১২১২।
আবেদনের শেষ সময় ৬ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য শর্ত
আবেদনকারী অন্য কোনো কাজে নিয়োজিত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতিপত্র জমা দিতে হবে। নির্বাচিত প্রার্থীকে ইন্টার্নশিপ নীতিমালা-২০২৩ অনুযায়ী ঘোষণাপত্র ও চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে।
মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রে উল্লেখ করা তথ্যের সমর্থনে সব শিক্ষাগত যোগ্যতার সনদ, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিংয়ের ট্রান্সক্রিপ্ট, জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক সনদ, নাগরিকত্ব সনদ এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি প্রদর্শন করতে হবে। পাশাপাশি এসব কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
কর্তৃপক্ষ আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীদের লিখিত, মৌখিক অথবা উভয় পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকতে পারবে। পরীক্ষার তারিখ ও সময় ই-মেইল, ওয়েবসাইট বা মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
ইন্টার্নশিপ সফলভাবে সম্পন্ন করার পর সনদ দেওয়া হবে। তবে এই সনদ বিআরটিএ বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে স্থায়ী, অস্থায়ী কিংবা অন্য কোনো ধরনের নিয়োগের নিশ্চয়তা বা অগ্রাধিকার দেবে না।
বিস্তারিত তথ্য ও আবেদন ফরম পেতে ক্লিক করুন।



