ব্র্যাকে ব্রাঞ্চ ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ নভেম্বর পর্যন্ত

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের ক্ষুদ্রঋণ কর্মসূচিতে (দাবি) ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ছবি: এআই
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের ক্ষুদ্রঋণ কর্মসূচিতে (দাবি) ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে শাখার সার্বিক কার্যক্রম পরিচালনা, ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা এবং প্রশাসনিক দায়িত্ব পালন করতে হবে। আগ্রহী প্রার্থীরা ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম ও কর্মস্থল
ব্রাঞ্চ ম্যানেজার, দাবি (ক্ষুদ্রঋণ কর্মসূচি)। চাকরিটি পূর্ণকালীন। কর্মস্থল ঢাকা, ব্র্যাক ফিল্ড অফিস।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আগ্রহী প্রার্থীদের যেকোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে ব্যবসায় শিক্ষা বা ব্যবস্থাপনা বিষয়ে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রয়োজনীয় দক্ষতা
প্রার্থীদের ক্ষুদ্রঋণ কার্যক্রম, ঋণ বিতরণ, সঞ্চয় সংগ্রহ, কিস্তি আদায়, ঋণ তহবিল ব্যবস্থাপনা এবং ঋণগ্রহীতা নির্বাচনের বিষয়ে ভালো ধারণা থাকতে হবে। পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনা, নগদ অর্থ পরিচালনা, ঋণ মূল্যায়ন, ঋণ পরিশোধের সক্ষমতা বিশ্লেষণ এবং জালিয়াতি প্রতিরোধে দক্ষতা প্রয়োজন।
মানবসম্পদ ও প্রশাসনিক নীতিমালা, আর্থিক নির্দেশিকা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং নিয়মনীতি অনুসরণ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। শাখাভিত্তিক বাজেট প্রণয়ন, লক্ষ্যমাত্রা নির্ধারণ, কার্যক্রম পরিকল্পনা, প্রতিবেদন তৈরি ও সম্পদ ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। কর্মীদের নেতৃত্ব দেওয়া, তদারকি করা, কর্মদক্ষতা মূল্যায়ন এবং দল পরিচালনার সক্ষমতাও থাকতে হবে।
এ ছাড়া ঋণ তহবিলের কার্যকারিতা বিশ্লেষণ, ঝুঁকি নিরূপণ, নগদ অর্থের প্রবাহ ব্যবস্থাপনা এবং ঋণ ও সঞ্চয়ের কিস্তি আদায় পর্যবেক্ষণের দক্ষতা থাকতে হবে। কর্মী, ঋণগ্রহীতা, ব্যাংক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয়ের জন্য ভালো যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা প্রয়োজন। কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে নির্ভুল ও সময়মতো প্রতিবেদন তৈরির সক্ষমতাও থাকতে হবে।
দায়িত্ব ও কর্মপরিধি
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে শাখার সার্বিক কার্যক্রম পরিচালনা করতে হবে। শাখায় ১ হাজার ৩০০ থেকে ৩ হাজার ৮০০ জন ঋণগ্রহীতার কার্যক্রম, ১০ কোটি টাকার বেশি মানসম্মত ঋণ তহবিল এবং ৮ হাজারের বেশি সঞ্চয়কারীর হিসাব ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি গ্রাহক যাচাই, সদস্য ভর্তি ও ভিও গঠন নিশ্চিত করতে হবে।
প্রতিদিন ১০ লাখ টাকা ঋণ ও সঞ্চয়ের কিস্তি আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন, পাসবই যাচাই এবং বকেয়া কিস্তি আদায় তদারকি করতে হবে। ঋণগ্রহীতাদের পূর্ববর্তী ঋণ পরিশোধের ইতিহাস ও আবেদনপত্র পর্যালোচনা, গ্রাহক ও প্রকল্প যাচাই এবং ঋণ মূল্যায়ন ও অনুমোদনের দায়িত্বও পালন করতে হবে।
ঋণ বিতরণের আগে গ্রাহকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা, আর্থিক সাক্ষরতা ও এফসিপি সেশন নিশ্চিত করতে হবে। আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ এবং কর্মসূচির নিয়মনীতি অনুসরণ করে সময়মতো ঋণ বিতরণ তদারকি করতে হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন পরিপত্র, কার্যক্রমসংক্রান্ত নির্দেশিকা ও প্রচারাভিযানের নিয়মনীতি অনুসরণ নিশ্চিত করতে হবে।
শাখার বার্ষিক, ত্রৈমাসিক ও মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ, কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ, নগদ অর্থের চাহিদাপত্র তৈরি এবং ব্যাংকের সঙ্গে নগদ অর্থ ব্যবস্থাপনায় সমন্বয় করতে হবে। দৈনিক নগদ অর্থের প্রতিবেদন, বিল ভাউচার ও নগদ অর্থের সনদ যাচাই ও স্বাক্ষর করার পাশাপাশি দৈনিক, সাপ্তাহিক ও মাসিক প্রতিবেদন যথাসময়ে জমা দিতে হবে।
মানবসম্পদ ও প্রশাসনিক নীতিমালা অনুসারে কর্মীদের যোগদান, ছুটি, বদলি, চাকরি স্থায়ীকরণ, পদোন্নতি ও চাকরি থেকে অব্যাহতিসংক্রান্ত কার্যক্রম তদারকি করতে হবে। নিয়মিত কর্মী সভা আয়োজন, কর্মদক্ষতা মূল্যায়ন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার দায়িত্বও পালন করতে হবে। পাশাপাশি শাখার নথিপত্র, ফাইল, রেজিস্টার, আসবাবপত্র, স্টেশনারি ও অন্যান্য স্থায়ী সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।
সুরক্ষাসংক্রান্ত দায়িত্ব
কর্মসূচির অংশগ্রহণকারী, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং কর্মীদের যেকোনো ধরনের ক্ষতি, নির্যাতন, অবহেলা, হয়রানি ও শোষণ থেকে সুরক্ষা নিশ্চিত করতে হবে। এর মধ্যে যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধও অন্তর্ভুক্ত। নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখা, প্রতিষ্ঠানের সুরক্ষানীতি প্রচার ও বাস্তবায়ন এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে নির্ধারিত পদ্ধতিতে প্রতিবেদন দাখিল করতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্যবিমা, জীবনবিমা, মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ
আগ্রহী প্রার্থীদের ২১ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।



