সংস্কৃতির রঙে সংযমের রেখা
- নববর্ষের আনন্দে সংযমের সুর
- নববর্ষে উচ্ছ্বাস হোক, কিন্তু সীমালঙ্ঘন নয়

সংগৃহীত ছবি
রাত পোহালেই পহেলা বৈশাখ। বাংলা নতুন বছরের প্রথম সকাল। যেখানে নতুন রঙে সেজে ওঠে প্রবৃতি। নতুন শুরুর স্পন্দনে আনন্দে দোল খায় মানুষের মন। এই দিনটি কেবল ক্যালেন্ডারের পাতা বদলের দিন নয়; এটি আমাদের সামাজিক আবেগ, আমাদের সাংস্কৃতিক মিলনমেলা। কিন্তু আনন্দ উদযান করতে গিয়ে ভুলে যাওয়া যাবে না যে, আমাদের মূল্যবোধের অবস্থান কোথায়? বিশেষ করে একজন মুসলিম হিসেবে আমরা কীভাবে এই দিনটিকে দেখবো?
আমরা জানি মানুষ স্বভাবতই আনন্দপ্রিয়। এ সত্য ইসলাম অস্বীকার করে না; বরং ইসলাম মানবজীবনের স্বাভাবিক চাহিদাকে স্বীকৃতি দিয়ে তাকে একটি সুশৃঙ্খল কাঠামোর এঁকে দেয়। ঈদুল ফিতর ও ঈদুল আযহা শুধু ধর্মীয় ইবাদতের পরিণতি নয়; এগুলোও আনন্দ, ভ্রাতৃত্ব ও সামাজিক সংযোগের উৎসব। হাদীসে এসেছে-
আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন—রাসূলুল্লাহ ﷺ মদীনায় আগমন করে দেখলেন, তাদের দুটি দিন আছে, যেদিন তারা খেলাধুলা ও আনন্দ করে। তিনি জিজ্ঞেস করলেন, “এই দুই দিন কী?” তারা বলল, “জাহেলি যুগে আমরা এ দুই দিনে আনন্দ করতাম।” তখন রাসূল ﷺ বললেন, “আল্লাহ তোমাদের জন্য এ দুটির পরিবর্তে আরও উত্তম দুটি দিন দিয়েছেন—ঈদুল আযহা ও ঈদুল ফিতর।” (আবু দাউদ হাদীস নং: ১১৩৪)
এ্ই হাদীস প্রমাণ করে ইসলাম আনন্দকে নিষিদ্ধ করেনি; বরং তাকে পরিশুদ্ধ করেছে, দিকনির্দেশনা দিয়েছে।
এই দৃষ্টিকোণ থেকে পহেলা বৈশাখকে পুরোপুরি অস্বীকার করার পরিবর্তে, এর ভেতরের চর্চা ও আচরণকে মূল্যায়ন করাই অধিক যুক্তিযুক্ত। কারণ, একটি জাতির সংস্কৃতি তার ইতিহাস, জীবনযাপন ও সামাজিক বাস্তবতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গ্রামীণ মেলা, লোকজ ঐতিহ্য, পান্তা-ইলিশের আয়োজন। এসবের মধ্যে রয়েছে একটি ঐতিহ্যগত স্বকীয়তা, যা মানুষের শিকড়ের সঙ্গে সংযোগ তৈরি করে। কিন্তু এখানেই আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—সংস্কৃতি আর অনুকরণের সীমারেখা কোথায়?
ইসলাম সেই সীমারেখা স্পষ্টভাবে নির্ধারণ করে দিয়েছে। যে কোনো আনন্দ যদি সীমালঙ্ঘনে পরিণত হয়, যদি তা অপচয়, অশ্লীলতা বা নৈতিক অবক্ষয়ের দিকে নিয়ে যায়, তাহলে তা আর সংস্কৃতি থাকে না; বরং তা হয়ে ওঠে আত্মবিনাশের পথ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন,
“খাও, পান করো, কিন্তু অপচয় করো না; নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না” (সূরা আ‘রাফ আয়াত : ৩১)
এই আয়াতটি শুধু খাদ্যাভ্যাস নয়; বরং জীবনযাপনের একটি সামগ্রিক নীতি নির্ধারণ করে দেয়। নববর্ষের উদযাপনে যখন অপ্রয়োজনীয় খরচ, প্রতিযোগিতামূলক ভোগবাদ কিংবা বাহ্যিক চাকচিক্য প্রাধান্য পায়, তখন এই আয়াত আমাদের সতর্ক করে দেয়।
একইভাবে, ইসলামে শালীনতা একটি মৌলিক মূল্যবোধ। আনন্দের নামে যদি এমন কিছু চর্চা হয়, যা দৃষ্টি, আচরণ বা সামাজিক পরিবেশকে অশালীন করে তোলে, তাহলে তা একজন সচেতন মুসলিমের জন্য গ্রহণযোগ্য হতে পারে না। কারণ ইসলাম কেবল ব্যক্তিগত ইবাদতের ধর্ম নয়; এটি একটি সামগ্রিক জীবনব্যবস্থা, যা সমাজের নৈতিক ভারসাম্য রক্ষা করে।
এখানে আরেকটি দিকও গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে- আত্মসমালোচনা ও নতুন সূচনার চেতনা। নতুন বছর মানেই নতুন পরিকল্পনা, নতুন লক্ষ্য। ইসলামও মানুষকে নিজের হিসাব নেওয়ার শিক্ষা দেয়। রাসূল (সা.) বলেছেন, “বুদ্ধিমান সেই ব্যক্তি, যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। আর অক্ষম সেই ব্যক্তি, যে নিজের নফসের খেয়াল-খুশির অনুসরণ করে এবং আল্লাহর কাছে শুধু আশা-আকাঙ্ক্ষা পোষণ করে।” (তিরমিযী, হাদীস নং ২৪৫৯)
এই হাদীসের আলোকে পহেলা বৈশাখ হতে পারে আত্মশুদ্ধির একটি অনন্য সুযোগ। গত বছরের ভুলগুলো পর্যালোচনা করা, সম্পর্কগুলো মেরামত করা, এবং নতুন করে নিজেকে গড়ে তোলার অঙ্গীকার করা।
আমাদের মনে রাখতে হবে, সংস্কৃতি কখনোই স্থির নয়; এটি সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। তাই আমাদের দায়িত্ব হলো; সংস্কৃতির ভালো দিকগুলোকে গ্রহণ করা এবং ক্ষতিকর দিকগুলোকে পরিহার করা। অন্ধ অনুকরণ নয়, বরং বিবেক ও মূল্যবোধের আলোকে বেছে নেওয়াই একজন সচেতন মানুষের পরিচয়।
তাই পহেলা বৈশাখ আমাদের জন্য হতে পারে দ্বৈত এক বার্তা; আনন্দের, আবার আত্মসংযমের। আমরা আনন্দ করবো, কিন্তু সীমার ভেতরে থেকে; আমরা উদযাপন করবো, কিন্তু আমাদের বিশ্বাস ও নৈতিকতাকে অক্ষুণ্ণ রেখে। নতুন বছরের প্রথম প্রভাতে যদি আমরা এই ভারসাম্যটুকু ধরে রাখতে পারি, তাহলে এই উৎসব শুধু বাহ্যিক উল্লাসে সীমাবদ্ধ থাকবে না; বরং এটি হয়ে উঠবে এক গভীর, অর্থবহ এবং কল্যাণমুখী সূচনা।
লেখক: শিক্ষার্থী, এন আকন্দ কামিল মাদরাসা, নেত্রকোনা।

