সহজ ভাষায়
আলোকবর্ষ

‘ভেবে দেখেছো কি, তারারাও যত আলোকবর্ষ দূরে’— গৌতম চট্টোপাধ্যায়ের কথা ও সুরে মহীনের ঘোড়াগুলি ব্যান্ডের এই গান আমরা যখন শুনি, তখনো কি জানি আলোকবর্ষ মানে কী? কতটা পথ পাড়ি দিলে এক আলোকবর্ষ দূরে যাওয়া হয়?
বাস্তবে আলোকবর্ষ দূরত্বের একক হলেও ঠিক আমাদের ঢাকা-চট্টগ্রাম দূরত্বের মতো মাইল বা কিলোমিটারে মাপা যাবে না। এর সম্পর্ক আলোর গতির সঙ্গে। শূন্য মাধ্যমে আলো এক বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে, তাকেই এক আলোকবর্ষ বলে।
প্রতি সেকেন্ডে আলো প্রায় তিন লাখ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এ গতিতে চলতে থাকলে এক মিনিটে আলো পাড়ি দেয় ১ কোটি ৮০ লাখ কিলোমিটার। আর এভাবে পুরো একটি বছরে আলো মোট যে দূরত্ব অতিক্রম করে, তা হলো প্রায় ৯.৪৬ ট্রিলিয়ন কিলোমিটার! এ বিশাল পথটাই হলো এক আলোকবর্ষ।
আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র ‘প্রক্সিমা সেন্টোরি’র দূরত্ব পৃথিবী থেকে প্রায় ৪ দশমিক ২৪ আলোকবর্ষ। আজ রাতে প্রক্সিমা সেন্টোরি থেকে যে আলোটি আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে, তা রওনা হয়েছিল চার বছরেরও বেশি সময় আগে। সহজ কথায়, আলোকবর্ষ হলো মহাবিশ্বের সীমাহীন দূরত্বকে আমাদের বোঝার সুবিধার্থে ছোট করে প্রকাশ করার এক চমৎকার উপায়।




