নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সম্ভাব্যতা যাচাইয়ে ইডটকো ও ফ্লোসোলারের চুক্তি

টেলিযোগাযোগ অবকাঠামোর বিদ্যুৎ চাহিদা পূরণে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সম্ভাবনা যাচাই করতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইডটকো বাংলাদেশ ও ফ্লোসোলার সলিউশনস লিমিটেড। এ উদ্যোগের আওতায় গ্রিড-সংযুক্ত নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা যৌথভাবে মূল্যায়ন করবে প্রতিষ্ঠান দুটি।
৯ নভেম্বর ২০২৬, ঢাকায় স্বাক্ষরিত এ সমঝোতার মূল লক্ষ্য ইডটকোর টেলিকম টাওয়ার পরিচালনায় নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়ানো। এর মাধ্যমে জ্বালানির উৎসে বৈচিত্র্য আনা, কার্বন নিঃসরণ কমানো এবং ডিজিটাল অবকাঠামোর দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সমঝোতা অনুযায়ী, সম্ভাব্য সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের মাধ্যমে ইডটকোর পরিচালন কার্যক্রমে সরবরাহের সুযোগ যাচাই করা হবে। সম্ভাব্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্থান নির্বাচন, গ্রিড সংযোগ ও প্রকল্প উন্নয়নের দায়িত্বে থাকবে ফ্লোসোলার। অন্যদিকে, উপযুক্ত স্থান চিহ্নিত করা এবং বিদ্যুতের চাহিদা মূল্যায়নে সহায়তা করবে ইডটকো।
ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ বলেন, "বৃহৎ পরিসরে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর প্রচেষ্টা আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে। পাশাপাশি এ উদ্যোগ টাওয়ার পরিচালনার দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বাড়াতে সহায়তা করবে।"
ফ্লোসোলার সলিউশনস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজিম কাসেম খান বলেন, "টেলিকম নেটওয়ার্ক ২৪ ঘণ্টা সচল রাখতে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ খুবই গুরুত্বপূর্ণ। এই সমঝোতা পরিচ্ছন্ন ও দীর্ঘমেয়াদি বিদ্যুৎ সরবরাহের একটি পরিকল্পিত কাঠামো তৈরিতে সহায়তা করবে।
প্রস্তাবিত মডেলে ইডটকোকে বিদ্যুৎ উৎপাদন অবকাঠামোতে প্রাথমিক মূলধন বিনিয়োগ করতে হবে না। সম্ভাব্য প্রকল্পগুলোর উন্নয়ন ও অর্থায়নের দায়িত্ব পালন করবে ফ্লোসোলার। তবে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং চূড়ান্ত বাণিজ্যিক ও নিয়ন্ত্রক শর্তাবলির ওপর এর বাস্তবায়ন নির্ভর করবে।
প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী, প্রতি ১০০ মেগাওয়াট পিক উৎপাদনক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বছরে প্রায় ১৩০ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এতে বছরে প্রায় ৮০ হাজার টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ এড়ানো যেতে পারে। তবে প্রকল্পের ধরন, গ্রিডের নিঃসরণ সূচক এবং প্রতিস্থাপিত বিদ্যুতের পরিমাণের ওপর নির্ভর করবে চূড়ান্ত হিসাব।



