যুক্তরাজ্যে রেডিও কেনার হিড়িক, বড় বিপর্যয়ের প্রস্তুতি নিচ্ছে বিবিসি

ছবি: রেডিও টুডে ইউকে
একটি বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়। বন্ধ হয়ে গেছে ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক, এমনকি স্বাভাবিক যোগাযোগব্যবস্থাও। চারদিকে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে বাইরের পৃথিবীর খবর জানার অন্যতম ভরসা হতে পারে ছোট্ট একটি রেডিও। প্রযুক্তিনির্ভর এই সময়ে পুরোনো এই যন্ত্রটির গুরুত্ব নতুন করে উপলব্ধি করছে যুক্তরাজ্যের মানুষ।
দেশটিতে সম্প্রতি রেডিও, টর্চ, পাওয়ার ব্যাংক, বোতলজাত পানি ও দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এমন খাবার কেনার প্রবণতা বেড়েছে। এর পেছনে রয়েছে সরকারের নতুন জরুরি প্রস্তুতি কর্মসূচি ‘বি রেডি’। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ, বিদ্যুৎ বিপর্যয় কিংবা সাইবার হামলায় দৈনন্দিন জীবন ব্যাহত হলে কীভাবে নিজেদের সামলে রাখতে হবে, সে বিষয়ে নাগরিকদের প্রস্তুত করাই এই কর্মসূচির উদ্দেশ্য।
এদিকে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা অচল হয়ে পড়লে জরুরি তথ্য সম্প্রচারের জন্য বিশেষ পরিকল্পনা করেছে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি। পরিকল্পনা অনুযায়ী, এমন পরিস্থিতিতেও রেডিও সম্প্রচার চালু রাখার চেষ্টা করবে প্রতিষ্ঠানটি। এ জন্য তৈরি রাখা হয়েছে ইন্টারনেটনির্ভর নয়, এমন বিকল্প সম্প্রচারব্যবস্থা।
রেডিও বিক্রিতে বড় উল্লম্ফন
যুক্তরাজ্য সরকার গত ২২ অক্টোবর ‘বি রেডি’ কর্মসূচির প্রথম ধাপ চালু করে। এতে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে, জরুরি পরিস্থিতিতে অন্তত ৭২ ঘণ্টা বা তিন দিন নিজেদের প্রয়োজন মেটানোর মতো খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী ঘরে রাখতে।
সরকারের এই পরামর্শের পরপরই বিভিন্ন দোকানে জরুরি কাজে ব্যবহারের সরঞ্জাম কেনার প্রবণতা বাড়তে থাকে। গত মাসের শেষ দিকে বিবিসির নিউজ নাইটের প্রোগ্রামে খুচরা বিক্রেতা রবার্ট ডায়াস জানিয়েছে, আগের সপ্তাহের তুলনায় তাদের রেডিও বিক্রি বেড়েছে ১৬০ শতাংশ। প্রযুক্তিপণ্য বিক্রেতা ম্যাপলিন জানিয়েছে, আগের মাসের একই সময়ের তুলনায় রেডিও বিক্রি বেড়েছে ৯২ শতাংশ। প্রতিষ্ঠানটির টর্চ বিক্রি বেড়েছে ২৮৪ শতাংশ এবং পাওয়ার ব্যাংক বিক্রি ১০৬ শতাংশ।
সুপারমার্কেট চেইন আইসল্যান্ড জানিয়েছে, কর্মসূচি চালুর পর এক সপ্তাহান্তে তাদের টিনজাত খাবারের বিক্রি বেড়েছে ৪০ শতাংশ। জরুরি প্রস্তুতির সরঞ্জাম বিক্রি করে এমন কয়েকটি অনলাইন দোকানও চাহিদা বেড়ে যাওয়ার কথা জানিয়েছে।
কেন তিন দিনের প্রস্তুতি?
সরকারের ‘বি রেডি’ কর্মসূচির মূল কথা হলো, কোনো জরুরি পরিস্থিতিতে প্রথম ৭২ ঘণ্টা যেন পরিবারগুলো নিজেদের সামলাতে পারে। এতে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি বিপদে থাকা মানুষদের সহায়তায় মনোযোগ দিতে পারবে।
সরকারের নির্দেশনায় প্রতি ব্যক্তির জন্য প্রতিদিন পান করার অন্তত তিন লিটার পানি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সেই হিসাবে একজন মানুষের তিন দিনের জন্য অন্তত নয় লিটার পানীয় পানি প্রয়োজন। রান্না ও অন্যান্য কাজে আরও পানি লাগতে পারে।
এ ছাড়া এমন খাবার রাখতে বলা হয়েছে, যা দীর্ঘদিন ভালো থাকে এবং ফ্রিজ বা রান্নার প্রয়োজন হয় না। যেমন টিনজাত মাছ, মাংস ও সবজি, শুকনো ফল ও বাদাম। পাশাপাশি টর্চ, অতিরিক্ত ব্যাটারি, কম্বল, প্রয়োজনীয় ওষুধ, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, কিছু নগদ অর্থ এবং মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংক রাখার পরামর্শও রয়েছে।
বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ব্যাটারিচালিত অথবা হাত ঘুরিয়ে চার্জ দেওয়া যায় এমন এফএম রেডিওর ওপর। কারণ বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ থাকলেও নিজস্ব ব্যাটারিতে চালিত রেডিওর মাধ্যমে জরুরি খবর শোনা সম্ভব।
বিবিসির ‘ব্ল্যাক স্কাই’ পরিকল্পনা
যুক্তরাজ্যের মানুষের মধ্যে রেডিও কেনার প্রবণতা বাড়ার আরেকটি কারণ বিবিসির জরুরি সম্প্রচার পরিকল্পনা। বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় কিংবা সাইবার হামলায় যখন দেশের স্বাভাবিক যোগাযোগব্যবস্থা অচল হয়ে পড়তে পারে, তখনও কীভাবে জনগণের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছানো যাবে, তা নিয়ে প্রস্তুতি রয়েছে প্রতিষ্ঠানটির।
বিবিসির এই পরিকল্পনার নাম ‘ব্ল্যাক স্কাই’। এর আওতায় দেশজুড়ে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও জরুরি সম্প্রচার চালিয়ে যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
এমন পরিস্থিতিতে প্রায় ১০০ জন কর্মী একটি বিশেষ জরুরি রেডিও স্টুডিও পরিচালনার দায়িত্ব পালন করবেন। স্টুডিওটি ইন্টারনেটের ওপর নির্ভরশীল নয়, এমন নিরাপদ যোগাযোগব্যবস্থার মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। সেখানে অন্তত তিন দিন কাজ চালানোর মতো খাবার, পানি ও জ্বালানির মজুত রাখার পরিকল্পনা রয়েছে।
শুধু স্টুডিও সচল রাখলেই অবশ্য হবে না। শ্রোতাদের কাছে সম্প্রচার পৌঁছে দেওয়ার জন্য রেডিও ট্রান্সমিটারগুলোও সচল রাখতে হবে। এ জন্য কিছু ট্রান্সমিটারে ডিজেলচালিত জেনারেটর ব্যবহারের ব্যবস্থা রয়েছে। এসব ট্রান্সমিটারের জ্বালানির ট্যাংকে সর্বোচ্চ ৪০ হাজার লিটার পর্যন্ত ডিজেল থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিদ্যুৎ না থাকলেও জেনারেটরের সাহায্যে সেগুলো প্রায় তিন দিন সম্প্রচার চালিয়ে যেতে পারবে।
জরুরি সম্প্রচারে শুধু খবর প্রচারই নয়, মানুষের দৈনন্দিন জীবন পরিচালনার প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হতে পারে। যেমন নিরাপদ পানি সংগ্রহ ও বিশুদ্ধ করার উপায়, খাবার সংরক্ষণ, পানি সরবরাহ বন্ধ হয়ে গেলে কী করতে হবে কিংবা শৌচাগার ব্যবহার করা না গেলে বর্জ্য কীভাবে ব্যবস্থাপনা করতে হবে।
এ ছাড়া জরুরি পরিস্থিতিতে মাঠপর্যায়ের সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রাখতে স্যাটেলাইট ফোন ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। সেগুলো কাজ না করলে আগে থেকে নির্ধারিত বিকল্প যোগাযোগপদ্ধতি অনুসরণ করা হবে।
সরকারের এই কর্মসূচি এবং বিবিসির পরিকল্পনা প্রকাশ্যে আসার পর অনেকের মধ্যে উদ্বেগ তৈরি হলেও যুক্তরাজ্যে শিগগিরই বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ঘটতে যাচ্ছে, এমন কোনো ঘোষণা দেওয়া হয়নি। বরং বন্যা, দাবানল, প্রচণ্ড ঝড়, বিদ্যুৎ বিভ্রাট কিংবা সাইবার হামলার মতো বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতির জন্য নাগরিকদের প্রস্তুত রাখাই এর উদ্দেশ্য।
সরকারের ভাষ্য, জরুরি পরিস্থিতি কখন তৈরি হবে, তা আগে থেকে বলা যায় না। তবে কিছু প্রয়োজনীয় জিনিস ঘরে রাখলে বিপদের সময় পরিবারগুলো অনেকটাই স্বনির্ভর থাকতে পারে।




