এয়ারটেল এখন ‘সার্কেল’

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নতুন ব্র্যান্ডে রূপান্তরের ঘোষণা দিচ্ছেন রবির প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা - ইমরানুর রহমান
১৬ বছরের পথচলার পর নতুন পরিচয়ে যাত্রা শুরু করেছে তরুণ প্রজন্মের মোবাইল অপারেটর ব্র্যান্ড হিসেবে পরিচিত এয়ারটেল। গতকাল সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যান্ডটির নতুন নাম ‘সার্কেল’ ঘোষণা করে রবি আজিয়াটা পিএলসি।
রবি জানিয়েছে, নতুন ব্র্যান্ডে রূপান্তর হলেও গ্রাহকসেবায় কোনো পরিবর্তন আসবে না। এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের গ্রাহক হিসেবে গণ্য হবেন। গ্রাহকদের বিদ্যমান ০১৬ নম্বর, সেবা, প্যাকেজ, মূল ব্যালান্স এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ নিরাপদ ও সচল থাকবে।
গ্রাহকদের বর্তমান প্যাকেজ, মূল ব্যালান্স এবং এমএফএস অ্যাকাউন্ট, ওয়ালেট নিরাপদ ও সচল থাকবে
‘আসল সংযোগ, সবসময় সচল’ স্লোগান সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) নানা প্রযুক্তিগত সুবিধা নিয়ে আসছে সার্কেল। অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, “১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। ‘সার্কেল’ সেই যাত্রারই পরবর্তী ধাপ। ব্র্যান্ডের নাম বদলালেও আমাদের মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে। সংযোগের ক্ষেত্রে যখন আমরা নতুন একটি পর্যায়ে প্রবেশ করছি, তখন শুধু বেশি মানুষকে যুক্ত করাই মূল বিষয় নয়; বরং সেই সংযোগগুলো আরও অর্থবহ করে তোলাই এখন গুরুত্বপূর্ণ।”
উল্লেখ্য, দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসির সিংহভাগ মালিকানা মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের (৬১ দশমিক ৮২ শতাংশ) হাতে রয়েছে। এ ছাড়া ভারতের ভারতী এয়ারটেলের ২৮ দশমিক ১৮ শতাংশ ও সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানিটিতে।






