সেন্টমার্টিন ভ্রমণে বাস, শিপ টিকিট ও ট্রাভেল পাস একসঙ্গে দিচ্ছে বিডিটিকেটস

দীর্ঘ অপেক্ষার পর পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। দ্বীপটি ভ্রমণের পরিকল্পনা আরও সহজ করতে বাস টিকিট, শিপ টিকিট ও ট্রাভেল পাস একসঙ্গে বুক করার সুবিধা চালু করেছে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস।
১১ নভেম্বর প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড অনুমোদিত অনলাইন শিপ টিকিটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস -এর মাধ্যমে এখন কক্সবাজার যাওয়ার বাস টিকিটের পাশাপাশি সেন্টমার্টিনে যাওয়া-আসার শিপ টিকিট ও ট্রাভেল পাসও বুক করা যাচ্ছে। ফলে ভ্রমণকারীদের আলাদাভাবে বিভিন্ন টিকিট সংগ্রহের ঝামেলা কমবে এবং পুরো ভ্রমণের প্রস্তুতি নেওয়া সহজ হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সেন্টমার্টিন ভ্রমণের ক্ষেত্রে টিকিট সংগ্রহের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা মেনে চলতে হবে। টিকিটে উল্লেখ করা নাম ও জন্মতারিখের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য মিলিয়ে নিতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী, শুধু সফট কপি দিয়ে ভ্রমণ করা যাবে না। যাত্রার আগে অনুমোদিত কাউন্টার থেকে কিউআর কোডযুক্ত প্রিন্টেড টিকিট সংগ্রহ করতে হবে।
এ ছাড়া যাত্রার আগেই টিকিট বুক করতে হবে। কারণ, জেটি ঘাটে টিকিট কেনার কোনো সুযোগ থাকবে না। যাত্রার সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জাহাজ কর্তৃপক্ষ টিকিট যাচাই করবে। তাই পুরো যাত্রায় টিকিট সঙ্গে রাখা জরুরি।
বিডিটিকেটস-এর মাধ্যমে ২৪ ঘণ্টাই টিকিট বুক করার সুযোগ রয়েছে। টিকিটসংক্রান্ত যেকোনো প্রয়োজনে ১৬৪৬০ নম্বরে ফোন করে কাস্টমার কেয়ারের সহায়তা নেওয়া যাবে।
সেবাসমূহ ও বিভিন্ন অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে বিডিটিকেটস-এর ফেসবুক পেজ, অ্যাপ ও ওয়েবসাইটে।



