টাক সমস্যার তাক লাগানো সমাধান!

ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি
টাক পড়া বা চুল ঝরে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে মানুষের চেষ্টার ইতিহাস কয়েক হাজার বছরের। প্রায় সাড়ে তিন হাজার বছর আগে প্রাচীন মিসরীয়রা জলহস্তী ও কুমিরের চর্বি দিয়ে তৈরি ভেষজ মিশ্রণ চুল গজানোর চিকিৎসায় ব্যবহার করতেন। সেই চিকিৎসা কতটা কার্যকর ছিল, তার প্রমাণ নেই।
তবে সময়ের সঙ্গে চুল পড়া রোধে নানা ওষুধ, পুনর্জন্মভিত্তিক চিকিৎসা ও অস্ত্রোপচার পদ্ধতি এসেছে। এবার এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে এক অভিনব প্রযুক্তি—বৈদ্যুতিক চিরুনি। বিজ্ঞান সাময়িকী ন্যাচারে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, চীনা গবেষকদের তৈরি এক বিশেষ চিরুনি ব্যবহার করে পরীক্ষাগারে ইঁদুরের প্রায় সব হারানো চুল এক মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
গবেষকদের তৈরি এই যন্ত্রটির নাম ‘ডিট্যাঙ্গল’। এটি দেখতে সাধারণ চিরুনির মতো হলেও এর দাঁতের মধ্যে রয়েছে বিশেষ ইলেকট্রোড বা বিদ্যুৎ পরিবাহী অংশ এবং চিকিৎসার উপাদান সংরক্ষণের ব্যবস্থা। চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময় এটি বৈদ্যুতিক উদ্দীপনা তৈরি করে। এর ফলে ত্বকের কোষের আবরণ সাময়িকভাবে বেশি ভেদ্য হয়ে ওঠে। ফলে চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধ ও জিনগত উপাদান চুলের গোড়ার গভীরে পৌঁছাতে পারে।
গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রচলিত পদ্ধতিতে ত্বকের বাইরে থেকে প্রয়োগ করা উপাদানের তুলনায় এই প্রযুক্তি চুলের ফলিকলে প্রায় নয় গুণ বেশি গভীরতায় চিকিৎসার উপাদান পৌঁছে দিতে সক্ষম। গবেষণায় এর মাধ্যমে ত্বকের প্রায় ৬৬০ মাইক্রোমিটার গভীরে অবস্থিত চুলের ফলিকলের কোষ পর্যন্ত উপাদান পৌঁছানোর কথা বলা হয়েছে।
তবে শুধু চুলের গোড়ায় উপাদান পৌঁছে দেওয়াই এই প্রযুক্তির লক্ষ্য নয়। চুল পড়ার পেছনে থাকা জৈবিক প্রক্রিয়াগুলোকেও মোকাবিলা করতে চায় ডিট্যাঙ্গল। বিশেষ করে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা বংশগত টাক পড়ার অন্যতম কারণ ডাইহাইড্রোটেস্টোস্টেরন (ডিএইচটি) নামের হরমোন। টেস্টোস্টেরন থেকে একটি বিশেষ এনজাইমের সহায়তায় এই হরমোন তৈরি হয়। এটি সংবেদনশীল চুলের ফলিকলকে ধীরে ধীরে ছোট করে ফেলে। ফলে চুল ক্রমে পাতলা ও ছোট হতে থাকে এবং একপর্যায়ে চুল গজানো বন্ধ হয়ে যায়।
এই সমস্যা মোকাবিলায় ডিট্যাঙ্গল একই সঙ্গে দুটি জিনগত উপাদান সরবরাহ করে। প্রথমটি হলো ডিএনএ প্লাজমিড, যা ভাসকুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর-এ (ভিইজিএফ-এ) নামের একটি প্রোটিন তৈরির নির্দেশনা বহন করে। এই প্রোটিন নতুন রক্তনালি তৈরিতে সহায়তা করে। ফলে চুলের ফলিকলের আশপাশে রক্ত সঞ্চালন ও চুল পুনরায় গজানোর উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।
দ্বিতীয় উপাদানটি হলো স্মল ইন্টারফেরিং আরএনএ (সিআরএনএ)। এটি ডিএইচটি তৈরিতে ভূমিকা রাখা ৫-আলফা-রিডাকটেজ-২ এনজাইমের উৎপাদন কমানোর উদ্দেশ্যে তৈরি। ফলে চুলের ফলিকল সংকুচিত হওয়ার অন্যতম হরমোনজনিত কারণ মোকাবিলা করা সম্ভব হতে পারে। বৈদ্যুতিক উদ্দীপনা ও এই দুই জিনগত উপাদানের সম্মিলিত প্রভাবে চুলের ফলিকলের কার্যক্রম এবং কোষের শক্তি ব্যবহারের প্রক্রিয়াতেও ইতিবাচক পরিবর্তন দেখা গেছে বলে জানিয়েছেন গবেষকেরা।
প্রযুক্তিটির কার্যকারিতা যাচাই করতে গবেষকেরা পরীক্ষাগারে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার মতো অবস্থা তৈরি করা ইঁদুরের ওপর পরীক্ষা চালান। প্রতি তিন দিন অন্তর আক্রান্ত স্থানে ডিট্যাঙ্গল দিয়ে চিরুনি করার মাধ্যমে এক মাস ধরে পর্যবেক্ষণ করা হয়। এতে টাক পড়া অংশে প্রায় ১০০ শতাংশ পর্যন্ত চুল ফিরে আসে। এমনকি আক্রান্ত স্থান ও আশপাশের স্বাভাবিক লোমযুক্ত স্থানের মধ্যে পার্থক্য করাও কঠিন হয়ে পড়ে।
তুলনামূলক পরীক্ষায় আরেক দল ইঁদুরকে প্রচলিত মিনোক্সিডিল চিকিৎসা দেওয়া হয়। প্রতিদিন ০.২ মিলিলিটার করে ওষুধ প্রয়োগের পর তাদের চুল পুনরুদ্ধারের হার ছিল স্বাভাবিক অবস্থার প্রায় ৭০ শতাংশ। অর্থাৎ, এই পরীক্ষায় ডিট্যাঙ্গল তুলনামূলক ভালো ফল দেখিয়েছে।
গবেষকদের মতে, চুল পড়ার চিকিৎসার বাইরেও ত্বকের গভীরে জিনগত উপাদান ও অন্যান্য চিকিৎসা উপকরণ পৌঁছে দিতে এই প্রযুক্তি ভবিষ্যতে কাজে লাগতে পারে। অন্যান্য চর্মরোগের চিকিৎসায়ও এর সম্ভাবনা রয়েছে। প্রতিদিনের চুল আঁচড়ানোর অভ্যাসের সঙ্গে চিকিৎসাপদ্ধতিটি যুক্ত করা সম্ভব হলে রোগীদের জন্য এটি সুবিধাজনক হতে পারে।
তবে গবেষণাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা হলো, এখন পর্যন্ত এর উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে শুধু ইঁদুরের ওপর পরীক্ষায়। মানুষের চুলের ফলিকল, হরমোনের প্রতি সংবেদনশীলতা এবং চিকিৎসায় সাড়া দেওয়ার ধরন ভিন্ন হতে পারে। তাই মানুষের ক্ষেত্রে একই ফল পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ ছাড়া চিকিৎসার সঠিক মাত্রা, ব্যবহারের বিরতি এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা যাচাই করতে আরও গবেষণা প্রয়োজন।
সব মিলিয়ে, টাক পড়ার চিকিৎসায় ডিট্যাঙ্গল একটি সম্ভাবনাময় প্রযুক্তি হিসেবে সামনে এসেছে। তবে এটিকে এখনই টাকের স্থায়ী সমাধান বা মানুষের জন্য প্রমাণিত চিকিৎসা বলার সুযোগ নেই। ইঁদুরের ওপর পাওয়া সাফল্য মানুষের চিকিৎসায় কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়।



