ইঁদুর যখন ছিল কুকুরের সমান!

একটি ইঁদুরের ওজন বড়জোর কয়েকশ গ্রাম। আরেকটু বেশি হলে, হতে পারে ১ দেড় কেজি। কিন্তু এমন একটি ইঁদুরের কথা ভাবুন তো, যার ওজন প্রায় ৩০ কেজি! আকারে একটা বড়সড় কুকুরের কাছাকাছি! অবিশ্বাস্য মনে হলেও প্রায় ৩ কোটি ৪০ লাখ বছর আগে পৃথিবীতে ঘুরে বেড়াত এমনই এক ইঁদুরজাতীয় প্রাণী।
সম্প্রতি এমনই এক প্রাচীন প্রাণীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সত্যি বলতে, থাইল্যান্ডের ক্রাবি প্রদেশে পাওয়া জিবাশ্ম বিশ্লেষণ করে এমন প্রাণীর সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘ইয়াকামিস সিরিনধর্নি’। গবেষকদের অনুমান, প্রানীটির ওজন ছিল প্রায় ৩০ কেজি।
থাইল্যান্ডের ক্রাবি অঞ্চলের একটি কয়লাখনির মাটির স্তরে পাওয়া গেছে প্রাণীটির জীবাশ্ম। তবে আশ্চর্যের বিষয়, বিজ্ঞানীরা এর কোনো সম্পূর্ণ কঙ্কাল পাননি। উদ্ধার হয়েছে মাত্র দুটি দাঁত। একটি নিচের চোয়ালের পেছনের দিকের মোলার এবং অন্যটি নিচের চোয়ালের একটি কর্তনদাঁতের অংশ। এই দাঁতগুলোর গঠন, মাপ ও এনামেলের অণুবীক্ষণিক বৈশিষ্ট্য পরীক্ষা করেই প্রাণীটির পরিচয় সম্পর্কে ধারণা পেয়েছেন গবেষকেরা।
২০২৬ সালের ৪ নভেম্বর আন্তর্জাতিক সাময়িকী সায়েন্টিফিক রিপোর্টস-এ প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, দাঁতের মাপ ব্যবহার করে সাতটি পৃথক পদ্ধতিতে প্রাণীটির দেহের ওজন হিসাব করা হয়েছে। তাতে ওজনের সম্ভাব্য হিসাব এসেছে ২১ দশমিক ৪ থেকে ৪৭ দশমিক ৩ কেজির মধ্যে। গড় হিসাব প্রায় ৩১ দশমিক ৬ কেজি। সব মিলিয়ে প্রাণীটির ওজন আনুমানিক ৩০ কেজি বলে ধারণা করছেন গবেষকেরা।
প্রাণীটির নামের মধ্যেও রয়েছে বিশেষত্ব। ‘ইয়াকা’ শব্দটি থাই ভাষায় দৈত্য বা বিশালাকৃতির প্রাণী বোঝাতে ব্যবহৃত হয়। আর ‘মিস’ এসেছে গ্রিক শব্দ থেকে, যার অর্থ ইঁদুর। অন্যদিকে, ‘সিরিনধর্নি’ নামটি রাখা হয়েছে থাইল্যান্ডের রাজকন্যা মাহা চাক্রি সিরিনধর্নের সম্মানে। বিজ্ঞান ও জীবাশ্মবিষয়ক গবেষণায় তার দীর্ঘদিনের পৃষ্ঠপোষকতার স্বীকৃতি হিসেবে এই নামকরণ।
গবেষকদের মতে, এই প্রাণীটি ছিল ‘ইস্কিরোমাইডি’ পরিবারের সদস্য। এটি ইঁদুরজাতীয় প্রাণীর একটি প্রাচীন গোষ্ঠী। এত দিন ধারণা করা হতো, বিশালাকৃতির ইঁদুরের বিবর্তন মূলত অনেক পরের ঘটনা। বিশেষ করে দক্ষিণ আমেরিকায় পরবর্তী সময়ে ক্যাপিবারার মতো বড় আকারের তৃণভোজী ইঁদুরের দেখা মিলেছে। কিন্তু ইয়াকামিসের আবিষ্কার জানাচ্ছে, ইঁদুরজাতীয় প্রাণীদের মধ্যে বিশাল দেহের বিবর্তন শুরু হয়েছিল তারও বহু আগে।
তবে প্রাণীটি কী খেত, কীভাবে চলাফেরা করত কিংবা দেখতে ঠিক কেমন ছিল, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। মাত্র দুটি দাঁতের জীবাশ্ম দিয়ে তার জীবনযাপন সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব নয়। আরও জীবাশ্ম পাওয়া গেলে হয়তো জানা যাবে, কেমন ছিল পৃথিবীর প্রাচীন এই দৈত্যাকার ইঁদুরের জীবন।
সূত্র: সায়েন্স ডেইলি, ব্যাংকক পোস্ট




