ফের চালু মাইক্রোসফটের সেবা

জনপ্রিয় সেবা টিমস, আউটলুকসহ অন্যান্য পণ্যের বৈশ্বিক বিপর্যয় কাটিয়ে উঠেছে প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট। টানা ২৪ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর ১৪ নভেম্বর প্রতিষ্ঠানটি জানিয়েছে, সব অঞ্চলের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য সেবা পুরোপুরি পুনরুদ্ধার করা হয়েছে। মাইক্রোসফট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আরও জানিয়েছে, সার্ভারে সমস্যার কারণে এ বিপর্যয় ঘটেছিল। এতে আউটলুক, টিমসের পাশাপাশি তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কো-পাইলটও প্রভাবিত হয়। তবে এ ঘটনার পেছনে কোনো সাইবার হামলা বা ক্ষতিকর কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে মাইক্রোসফট। গত বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১৭টা ২৫ মিনিটের পর থেকে বিভ্রাটের খবর বাড়তে শুরু করে। ইন্টারনেট সেবা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বিশ্ব জুড়ে এ ঘটনায় ৭৪ লাখের বেশি অভিযোগ জমা পড়ে। প্রতি মিনিটে অভিযোগের সংখ্যা প্রায় ২০ হাজারে পৌঁছায়, যা স্বাভাবিক সময়ের তুলনায় ১ হাজার ৫০০ গুণের বেশি। এ বিভ্রাটে বিভিন্ন দেশের সরকারি প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, বিমান সংস্থা ও আর্থিক খাত ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস বিকল্প আইটি ব্যবস্থা ও কাগজের নথি ব্যবহার করে কার্যক্রম চালায়। লন্ডনের মেট্রোপলিটন পুলিশের অনলাইনে অপরাধের অভিযোগ গ্রহণেও সমস্যা দেখা দেয়। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন নিশ্চিত করতে কোথাও কোথাও ফ্যাক্স ব্যবহার করতে হয়েছে। বিশ্লেষকদের ধারণা, এ ঘটনায় বৈশ্বিক বীমা খাতে ৩০ কোটি থেকে ৫০ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি উঠতে পারে। তবে সামগ্রিক ক্ষতির পরিমাণ ২০২৪ সালের ক্রাউডস্ট্রাইক বিপর্যয়ের তুলনায় কম হবে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছর মাইক্রোসফটের সেবায় একাধিকবার এমন বিঘ্ন ঘটায় প্রতিষ্ঠানটির নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।



