কবে দেখা পাবো টাইম মেশিনের?

২০০২ সালে মুক্তি পাওয়া 'টাইম মেশিন' চলচ্চিত্রের দৃশ্য।
একদিন কি সত্যিই অতীতের কোনো সকালে ফিরে যাওয়া যাবে? কিংবা কয়েকশ বছর পরের পৃথিবীতে পা রাখা যাবে এক মুহূর্তে? বিজ্ঞানীরা সময়কে নিয়ে এমন সব সম্ভাবনার কথা বলছেন, যা একসময় কেবল কল্পবিজ্ঞানের গল্পেই সীমাবদ্ধ ছিল। কিন্তু টাইম মেশিন বানানো কি সত্যিই সম্ভব?
১৮৯৫ সাল। প্রকাশিত হলো ব্রিটিশ লেখক এইচ জি ওয়েলসের বিখ্যাত কল্পবিজ্ঞান উপন্যাস দ্য টাইম মেশিন। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন বিজ্ঞানী। তিনি এমন একটি যন্ত্র তৈরি করেন, যেটিতে চড়ে সময়ের স্রোত পেরিয়ে চলে যাওয়া যায় অতীত কিংবা ভবিষ্যতে। তার সেই যাত্রা তাঁকে নিয়ে যায় সুদূর ভবিষ্যতের পৃথিবীতে, যেখানে মানবসভ্যতার চেহারাই বদলে গেছে।
ওয়েলসের সেই কল্পনা পাঠকদের মনে নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছিল—সময় কি সত্যিই ভ্রমণ করা সম্ভব? ঘড়ির কাঁটা পেছনে ঘুরিয়ে কিংবা সামনে এগিয়ে দিয়ে কি পৌঁছানো যাবে অন্য কোনো সময়ে?
এক শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে। এর মধ্যে মানুষ চাঁদে গেছে, মঙ্গলে রোবট পাঠিয়েছে, কৃষ্ণগহ্বরের ছবি তুলেছে। কিন্তু টাইম মেশিন এখনো কল্পবিজ্ঞানের জগৎ ছাড়তে পারেনি। তবে মজার ব্যাপার হলো, আধুনিক পদার্থবিজ্ঞান সময় ভ্রমণের ধারণাকে পুরোপুরি উড়িয়ে দেয় না। বরং বলে, সময়ের মধ্য দিয়ে ভ্রমণের কিছু পথ প্রকৃতির নিয়মেই সম্ভব। সমস্যা হলো, সেই পথের একটিও এখন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত টাইম মেশিন তৈরি করে দিতে পারেনি।
সময় কি সবার জন্য একই গতিতে চলে?
টাইম মেশিনের সম্ভাবনা বুঝতে হলে প্রথমে বুঝতে হবে, সময় আসলে কীভাবে কাজ করে। আমাদের সাধারণ ধারণা, সময় সবার জন্য একই গতিতে চলে। পৃথিবীর ঘড়িতে এক ঘণ্টা পার হলে মহাকাশযানের ঘড়িতেও এক ঘণ্টাই পার হওয়ার কথা। কিন্তু আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব বলছে, বাস্তবতা এত সরল নয়।
সময় নির্ভর করে পর্যবেক্ষকের গতির ওপর এবং তিনি কতটা শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে রয়েছেন, তার ওপর। অর্থাৎ একজন মানুষ যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, অন্য একজনের সময় তার তুলনায় কিছুটা ধীরে বা দ্রুত চলতে পারে।
এই ঘটনাকে বলা হয় টাইম ডিলেশন বা সময়ের প্রসারণ।
ধরা যাক, দুই যমজ ভাইয়ের একজন পৃথিবীতে থাকলেন। অন্যজন মহাকাশযানে চড়ে আলোর গতির কাছাকাছি বেগে মহাকাশ ভ্রমণে বের হলেন। কয়েক বছর পর তিনি পৃথিবীতে ফিরে এলেন। দেখা গেল, পৃথিবীতে থাকা ভাইটির বয়স বেড়েছে অনেক বেশি। মহাকাশ থেকে ফিরে আসা ভাইটি তুলনামূলকভাবে কম বয়স্ক।
এটি নিছক কল্পনা নয়। আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী, চলমান ঘড়ি স্থির পর্যবেক্ষকের তুলনায় ধীরে চলে। ১৯৭১ সালে বিজ্ঞানী জোসেফ হাফেলে ও রিচার্ড কিটিং বিমানে করে পৃথিবীর চারদিকে পারমাণবিক ঘড়ি নিয়ে ভ্রমণ করেন। পরে সেই ঘড়ির সময়ের সঙ্গে পৃথিবীতে থাকা ঘড়ির সময় তুলনা করে পার্থক্য পাওয়া যায়। ফলাফল আইনস্টাইনের তত্ত্বের সঙ্গে মিলে যায়।
আরও মজার বিষয়, মহাকর্ষও সময়ের গতিকে প্রভাবিত করে। পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি ঘড়ি তুলনামূলক ধীরে চলে, আর বেশি উচ্চতায় থাকা ঘড়ি কিছুটা দ্রুত চলে। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি) এবং কলোরাডো বিশ্ববিদ্যালয়ের জিলা গবেষণাগারের বিজ্ঞানীরা মাত্র এক মিলিমিটার উচ্চতার ব্যবধানেও দুটি পারমাণবিক ঘড়ির সময়ের পার্থক্য পরিমাপ করেন। অর্থাৎ সময়ের এই পরিবর্তন পরীক্ষাগারে প্রমাণিত।
আমরা প্রতিদিন যে জিপিএস ব্যবহার করি, সেখানেও এই তত্ত্বের প্রয়োগ রয়েছে। পৃথিবীকে প্রদক্ষিণ করা জিপিএস স্যাটেলাইটের ঘড়ি পৃথিবীর ঘড়ির তুলনায় ভিন্ন গতিতে চলে। গতির কারণে স্যাটেলাইটের ঘড়ি প্রতিদিন প্রায় ৭ মাইক্রোসেকেন্ড পিছিয়ে পড়ে। অন্যদিকে পৃথিবীর তুলনায় দুর্বল মহাকর্ষের কারণে সেটি প্রায় ৪৫ মাইক্রোসেকেন্ড এগিয়ে যায়। সব মিলিয়ে প্রতিদিন প্রায় ৩৮ মাইক্রোসেকেন্ড এগিয়ে থাকে। এই পার্থক্য হিসাব করে সংশোধন না করলে জিপিএসের অবস্থান নির্ণয়ে বড় ভুল দেখা দিত।
অর্থাৎ ভবিষ্যতে যাওয়ার একটি বৈজ্ঞানিক পথ প্রকৃতি আমাদের দেখিয়ে দিয়েছে। কেউ যদি আলোর গতির কাছাকাছি বেগে মহাকাশ ভ্রমণ করে ফিরে আসেন, তাহলে পৃথিবীতে তাঁর তুলনায় অনেক বেশি সময় পেরিয়ে যেতে পারে। তিনি কার্যত ভবিষ্যতের পৃথিবীতে পৌঁছে যাবেন।
অতীতে যাওয়ার দরজা কোথায়?
ভবিষ্যতে যাওয়ার এই ধারণা পদার্থবিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও অতীতে ফিরে যাওয়ার বিষয়টি অনেক বেশি জটিল। কারণ অতীতে ফিরে গেলে তৈরি হয় নানা ধরনের যৌক্তিক সমস্যা।
ধরা যাক, কেউ টাইম মেশিনে চড়ে অতীতে গিয়ে নিজের দাদার জন্মের আগেই তাঁকে হত্যা করলেন। তাহলে তার বাবার জন্ম হবে না, তার নিজের জন্মও হবে না। কিন্তু নিজের অস্তিত্ব না থাকলে তিনি অতীতে গিয়ে দাদাকে হত্যা করলেন কীভাবে? এই সমস্যাটি বিজ্ঞানে পরিচিত গ্র্যান্ড ফাদার প্যারাডক্স নামে।
এ ধরনের জটিলতা সত্ত্বেও পদার্থবিজ্ঞানের কিছু গাণিতিক সমাধানে অতীতে যাওয়ার সম্ভাবনার কথা উঠে এসেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ধারণা হলো ওয়ার্মহোল।
ওয়ার্মহোলকে সহজ ভাষায় বলা যায় মহাবিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার কাল্পনিক সুড়ঙ্গ। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের গাণিতিক সমীকরণে এমন সুড়ঙ্গের সম্ভাবনা পাওয়া যায়। ধরুন, মহাবিশ্বের দুটি দূরবর্তী স্থানের মধ্যে স্বাভাবিক পথে যেতে কয়েক হাজার আলোকবর্ষ লাগবে। কিন্তু যদি এই দুই স্থানকে একটি ওয়ার্মহোলের মাধ্যমে যুক্ত করা যায়, তাহলে তাত্ত্বিকভাবে অনেক কম সময়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো সম্ভব হতে পারে।
এখানেই আসে সময় ভ্রমণের সম্ভাবনা।
পদার্থবিজ্ঞানীদের কিছু তাত্ত্বিক মডেল অনুযায়ী, ওয়ার্মহোলের দুই মুখের একটিকে অন্যটির তুলনায় ভিন্ন গতিতে চালানো হলে কিংবা ভিন্ন মহাকর্ষীয় পরিবেশে রাখা হলে তাদের সময়ের প্রবাহে পার্থক্য তৈরি হতে পারে। তখন দুই মুখের মধ্যে সময়ের ব্যবধান তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। উপযুক্ত পরিস্থিতিতে এটি অতীতে যাওয়ার পথ তৈরি করতে পারে।
কিন্তু সমস্যা হলো, এখন পর্যন্ত মহাবিশ্বে কোনো ওয়ার্মহোলের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি। এমনকি একটি ওয়ার্মহোল তৈরি করা বা সেটিকে স্থিতিশীল রাখার কোনো প্রযুক্তিও মানুষের হাতে নেই। তাত্ত্বিকভাবে একে খোলা রাখতে বিশেষ ধরনের ঋণাত্মক শক্তি বা অদ্ভুত বৈশিষ্ট্যের পদার্থের প্রয়োজন হতে পারে। সেই পদার্থ বাস্তবে ব্যবহারযোগ্য পরিমাণে পাওয়া যাবে কি না, তা-ও অজানা।
অর্থাৎ ওয়ার্মহোল আপাতত পদার্থবিজ্ঞানের একটি আকর্ষণীয় গাণিতিক সম্ভাবনা, বাস্তব কোনো যাতায়াতের ব্যবস্থা নয়।
কৃষ্ণগহ্বর কি হতে পারে টাইম মেশিন?
টাইম মেশিনের আলোচনায় কৃষ্ণগহ্বরের নামও আসে। মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্তুগুলোর একটি এটি। এর মহাকর্ষ এতটাই শক্তিশালী যে এর নির্দিষ্ট সীমা বা ঘটনা দিগন্ত অতিক্রম করার পর আলোও আর বেরিয়ে আসতে পারে না।
কৃষ্ণগহ্বরের কাছাকাছি গেলে সময়ের প্রবাহে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে। দূরের কোনো পর্যবেক্ষকের তুলনায় কৃষ্ণগহ্বরের কাছে থাকা ঘড়ি ধীরে চলবে। তাত্ত্বিকভাবে সেখানে কিছু সময় কাটিয়ে নিরাপদে ফিরে আসতে পারলে বাইরের পৃথিবীতে অনেক বেশি সময় পার হয়ে যেতে পারে।
কিন্তু কৃষ্ণগহ্বরের কাছে যাওয়া মোটেও সহজ নয়। এর প্রবল মহাকর্ষ, বিকিরণ এবং অন্যান্য বিপজ্জনক পরিবেশ মহাকাশযান ও মানুষের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে ঘটনা দিগন্তের ভেতরে প্রবেশ করলে প্রচলিত পদার্থবিজ্ঞানের ধারণা অনুযায়ী ফিরে আসার কোনো পথ নেই।
আর কৃষ্ণগহ্বরের ভেতর দিয়ে অতীতে যাওয়ার বিষয়টি এখনো প্রমাণিত নয়। কিছু গাণিতিক সমাধানে ঘূর্ণায়মান কৃষ্ণগহ্বরের সঙ্গে সময় ভ্রমণের সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও সেগুলোকে বাস্তব মহাবিশ্বে ব্যবহারযোগ্য পথ হিসেবে দেখার কোনো ভিত্তি নেই।
বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের আপত্তি
অতীতে যাওয়ার সম্ভাবনা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ধারণা সামনে আনেন। নাম দেন 'ক্রোনোলজি প্রোটেকশন কনজেকচার'।
সহজ ভাষায়, প্রকৃতির নিয়মই হয়তো এমনভাবে কাজ করে, যাতে অতীতে ফিরে গিয়ে সময়ের স্বাভাবিক ধারাকে ভেঙে ফেলা সম্ভব না হয়।
১৯৯২ সালে প্রকাশিত তার গবেষণাপত্রে হকিং দেখানোর চেষ্টা করেন, সময়ের মধ্যে এমন বদ্ধ পথ তৈরি হতে গেলে কোয়ান্টাম প্রভাবের কারণে বিপুল শক্তি বা অন্যান্য ভৌত জটিলতা তৈরি হতে পারে। এসব প্রভাব শেষ পর্যন্ত সময় ভ্রমণের পথটিকে অকার্যকর করে দিতে পারে।
অবশ্য হকিংয়ের এই ধারণা এখনো সর্বজনস্বীকৃত চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তবে এটি অতীতে যাওয়ার পথে পদার্থবিজ্ঞানের অন্যতম বড় বাধার একটি ব্যাখ্যা।
তাহলে কবে তৈরি হবে টাইম মেশিন?
প্রশ্নটির সরাসরি উত্তর হলো, কেউ জানেন না। এমনকি আগামী ৫০, ১০০ কিংবা ৫০০ বছরের মধ্যে টাইম মেশিন তৈরি করা সম্ভব হবে কি না, সে সম্পর্কেও নির্ভরযোগ্য কোনো পূর্বাভাস নেই।
কারণ ভবিষ্যতে যাওয়ার ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের পরীক্ষিত কিছু পথ থাকলেও অতীতে যাওয়ার কোনো পরীক্ষিত পদ্ধতি নেই। আলোর গতির কাছাকাছি বেগে মহাকাশযান চালানো, বিপুল শক্তি উৎপাদন, মানুষের শরীরকে দীর্ঘ মহাকাশযাত্রার উপযোগী করা—এসবই বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ। অন্যদিকে ওয়ার্মহোল বা সময়ের বদ্ধ পথ তৈরির ধারণাগুলো এখনো তাত্ত্বিক পর্যায়ে।
তবে সময় ভ্রমণের একটি বিষয় আমরা ইতিমধ্যেই করে ফেলছি, যদিও সেটি অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে। দূরবর্তী নক্ষত্র বা ছায়াপথের দিকে যখন টেলিস্কোপ তাক করি, তখন আসলে তাদের বর্তমান অবস্থা দেখি না। কোটি কোটি বছর আগে সেখান থেকে যাত্রা করা আলো আমাদের কাছে পৌঁছায়। অর্থাৎ আমরা মহাবিশ্বের অতীত দেখছি। যেমন, কোনো ছায়াপথের আলো পৃথিবীতে পৌঁছাতে এক কোটি বছর লাগলে আমরা সেটিকে দেখছি এক কোটি বছর আগের অবস্থায়।
এই মুহূর্তে বিজ্ঞান আমাদের অতীতে ফিরে যাওয়ার টিকিট দিতে পারেনি। তবে সময় যে সবার জন্য একইভাবে চলে না, সেটি প্রমাণ করেছে। ভবিষ্যতে যাওয়ার সম্ভাবনাও পদার্থবিজ্ঞানের নিয়মের মধ্যেই রয়েছে। অতীতে যাওয়ার দরজাটি এখনো বন্ধ।
হয়তো কোনো একদিন বিজ্ঞানীরা এমন কোনো নতুন তত্ত্ব আবিষ্কার করবেন, যা সময় সম্পর্কে আমাদের প্রচলিত ধারণাই পাল্টে দেবে। আবার এমনও হতে পারে, প্রকৃতির কিছু মৌলিক নিয়মের কারণেই অতীতে ফেরা চিরকাল অসম্ভব থেকে যাবে।
এইচ জি ওয়েলসের সেই কাল্পনিক বিজ্ঞানী যদি আজকের পৃথিবীতে ফিরে আসতেন, তাহলে হয়তো অবাক হতেন। কারণ তাঁর কল্পনার টাইম মেশিন এখনো তৈরি না হলেও, তাঁর সময়ের বিজ্ঞানীরা যা কল্পনাও করতে পারেননি, আধুনিক পদার্থবিজ্ঞান তার অনেকটাই আবিষ্কার করে ফেলেছে।
তবে নিজের অতীতে ফিরে গিয়ে কোনো ভুল শুধরে নেওয়ার সুযোগ কবে মিলবে, সেই উত্তর এখনো সময়ের কাছেই জমা রয়েছে।



