ফোনের সব ছবি চলে যাচ্ছে না তো মেটার সার্ভারে, আজই বন্ধ করুন ফেসবুকের এই সেটিং

ছবি: এআই
আপনি একটি স্ক্রিনশট নিয়ে ফেসবুক মেসেঞ্জারে ঢুকলেন। কাউকে মেসেজ করতে গেলে সেখানে স্ক্রিনশট ছবিটি পপ-আপে চলে এলো সাজেশন হিসেবে। কিংবা একটি ছবি তুললেন, সেটিও কাউকে পাঠাবেন কি না, জানতে চাইলো ফেসবুক। অর্থাৎ আপনি ফোনে কোনো ছবি তুললে সঙ্গে সঙ্গে সেটি জেনে যাচ্ছে মেটা। আপনার অজান্তেই সেটি চলে যাচ্ছে মেটার সার্ভারে, ছবিটি বিশ্লেষণ করছে তাদের এআই।
চলতি বছরের এপ্রিলে ‘ক্যামেরা রোল সাজেশন’ নামে একটি অপশন চালু করে মেটা। এই টুলটি আপনার ফোনের ছবি ও ভিডিও খুঁজে বের করে এবং এডিট করা বা কোলাজ করার পরামর্শ দেয়। মেটা এমন ছবি থেকেও এই পরামর্শ দেয় যেটি আপনি ফেসবুকে কখনো আপলোডই করেননি। অর্থাৎ আপনার অজান্তেই আপনার ফোনের সব ছবি বা ভিডিও দেখছে মেটা, সার্ভারে নিয়ে করছে বিশ্লেষণ।
মেটার দাবি, ব্যবহারকারীদের দৈনন্দিন মুহূর্তগুলো সহজে শেয়ার করার সুবিধা দিতেই চালু করা হয়েছে এই টুল। তবে এটি একা একা চালু হয় না। ব্যবহারকারীদের সেই অ্যাকসেস দিতে হয়। তবে অনেকেই বিষয়টি পুরোটা না পড়েই মেটাকে অনুমতি দিয়ে দেন।
আপনার ছবি স্বয়ংক্রিয়ভাবে মেটার সার্ভারে চলে না যাক সেটি চাইলে বন্ধ করার সুযোগও রয়েছে। এজন্য প্রথমেই আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপের সেটিংস অ্যান্ড প্রাইভেসি (Settings & privacy) অপশনে যেতে হবে। এরপর সেটিংস (Settings) এ গেলে ক্যামেরা রোল শেয়ারিং সাজেশনস (Camera roll sharing suggestions) অপশন পাবেন। এই অপশনটিকে আপনাকে বন্ধ করে দিতে হবে।
মেটা অবশ্য বলছে, ক্যামেরা রোলে ছবি শেয়ার না করা পর্যন্ত অন্য ব্যবহারকারীরা দেখতে পাবে না। এই ছবি বিজ্ঞাপনের জন্য টার্গেট করতেও ব্যবহার করা হয় না। তবে ছবি বা ভিডিও মেটার ক্লাউড সার্ভারে সংরক্ষণ করা হয় কি না, সে বিষয়ে কিছু জানায়নি তারা।




