রোবট-হাতে বাড়বে বেকারত্ব!

গ্রাফিকস: আগামীর সময়
রোবট-হাতের উন্নয়ন চলছে। প্রযুক্তি কোম্পানিগুলো ব্যাপক বিনিয়োগও করছে।
মানুষের হাত দিয়ে কী না করা যায়! আঙুলের ডগায় তুলে নেওয়া যায় একটি ছোট্ট পিঁপড়া, আবার সেই হাতেই তোলা যায় ভারী পাথর। একটি পাকা রাস্পবেরি না থেঁতলে তুলে নেওয়া, সুঁইয়ে সুতা পরানো, জুতার ফিতা বাঁধা কিংবা পিয়ানো বাজানো। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এই যুগে মানুষের হাতই হয়ে উঠেছে প্রযুক্তিবিদদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ, রোবটকে বুদ্ধিমান করা যতটা সহজ হয়েছে, মানুষের মতো দক্ষ হাত তৈরি করা ততটা সহজ হয়নি। আর সেই বাধা দূর হয়ে গেলে বদলে যেতে পারে পৃথিবীর কর্মজগতের চেনা চিত্র। এমনকি মানুষের বহু পেশাই হারাতে পারে প্রয়োজনীয়তা।
যুক্তরাজ্যের লুটনের কাছে অ্যামাজনের একটি বিশাল গুদামের কথা ধরা যাক। চারটি ফুটবল মাঠের সমান জায়গা জুড়ে থাকা এই গুদামে হলুদ রঙের তাকগুলো স্বয়ংক্রিয় ব্যবস্থায় ঘুরে ঘুরে নির্দিষ্ট কর্মীর সামনে এসে থামে। কোন পণ্য কোথায় রাখতে হবে, অর্ডার অনুযায়ী কোন মাপের বাক্স নিতে হবে, এমনকি বাক্সে কতটুকু টেপ লাগবে— এসব সিদ্ধান্ত নেয় কম্পিউটার। মানুষের কাজ মূলত নির্দেশ অনুযায়ী পণ্য তোলা, সাজানো ও প্যাকেট করা। অর্থাৎ, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রযুক্তির আর বাস্তবায়নের জন্য এখনো প্রয়োজন মানুষের হাত।
কিন্তু এই ব্যবস্থাও চিরস্থায়ী নয়। রোবট যদি মানুষের মতো হাত দিয়ে জিনিসপত্র ধরতে, সাজাতে, প্যাকেট করতে কিংবা সূক্ষ্ম কাজ করতে পারে, তাহলে গুদাম থেকে শুরু করে কারখানা— সবখানেই মানুষের প্রয়োজন কমে যেতে পারে।
মানুষের হাত এত জটিল কেন? ইউনিভার্সিটি কলেজ লন্ডনের হাসপাতালগুলোর হাত ও কবজির শল্যচিকিৎসক অ্যালিস্টার হান্টারের মতে, মানুষের হাতে রয়েছে ২৭টি হাড়। রয়েছে অসংখ্য স্নায়ু, পেশি ও সংবেদী প্রান্ত। হাত কোনো বস্তু স্পর্শ করার সঙ্গে সঙ্গেই মস্তিষ্ক তার আকার, গঠন, তাপমাত্রা ও চাপ সম্পর্কে তথ্য পায়। সে অনুযায়ী মুহূর্তের মধ্যে হাতের শক্তি ও নড়াচড়া নিয়ন্ত্রণ করে।
ধরা যাক, আপনি একটি পাকা রাস্পবেরি তুলছেন। ফলটি কতটা নরম, কতটুকু চাপ দিলে থেঁতলে যাবে— আঙুলের সংবেদী স্নায়ু সেই তথ্য মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক আবার প্রয়োজন অনুযায়ী চাপ কমিয়ে বা বাড়িয়ে দেয়। এই প্রতিক্রিয়াশীল প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগে প্রায় এক-দশমাংশ সেকেন্ড। শুধু তা-ই নয়, ফলটি ধরার আগেই মস্তিষ্ক তার কোমলতা সম্পর্কে পূর্বানুমান করে আঙুলকে প্রয়োজনীয় নির্দেশ দেয়। এই পূর্বানুমান ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সমন্বয়ই মানুষের হাতকে অসাধারণ করে তুলেছে।
শ্যাডোর ডেক্সটেরাস হ্যান্ডের দাম শুরু হয় প্রতি হাত ২০ হাজার পাউন্ড থেকে। সম্পূর্ণ ব্যবস্থার দাম প্রায় এক লাখ পাউন্ড
আর এই দক্ষতা অনুকরণ করতে কাজ করছে বিভিন্ন রোবট নির্মাতা প্রতিষ্ঠান। যুক্তরাজ্যের ‘শ্যাডো রোবট’ ইউরোপের অন্যতম পরিচিত ডেক্সটেরাস রোবটিক হ্যান্ড নির্মাতা। তাদের তৈরি রোবট-হাত দিয়ে আঙুর তোলা, প্লাস্টিকের কাপ সাজানো, কাঠের ব্লক দিয়ে টাওয়ার তৈরি এবং খেলনার বিভিন্ন আকৃতির বস্তু নির্দিষ্ট জায়গায় বসানোর মতো কাজ করা যায়।
তবে এই প্রযুক্তির দামও কম নয়। শ্যাডোর ডেক্সটেরাস হ্যান্ডের দাম শুরু হয় প্রতি হাত ২০ হাজার পাউন্ড থেকে। সম্পূর্ণ ব্যবস্থার দাম প্রায় এক লাখ পাউন্ড। এসব হাতের একটি সীমাবদ্ধতা হলো, এগুলো এখনো মানুষের হাতের মতো বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য সংগ্রহ করতে পারে না। অনেক ক্ষেত্রে মানুষকে সেন্সরযুক্ত গ্লাভস পরে হাতের নড়াচড়া দেখিয়ে দিতে হয়। রোবট সেই নড়াচড়া অনুকরণ করে শেখে।
আরও একটি উল্লেখযোগ্য উদ্ভাবন হলো ডেক্স-ইই। গুগল ডিপমাইন্ডের জন্য তৈরি এই রোবট-হাতে মানুষের মতো পাঁচটি আঙুল নেই; রয়েছে তিনটি আঙুলসদৃশ অংশ। এতে কবজিও নেই। দেখতে অনেকটা নখরযুক্ত যন্ত্রের মতো হলেও এটি বারবার ধাক্কা খেয়েও কাজ করতে পারে।
এই প্রযুক্তির পেছনে বিনিয়োগও বাড়ছে। চীন আগামী দুই দশকে রোবোটিকস ও উচ্চপ্রযুক্তি খাতে ১০০ বিলিয়ন পাউন্ডের বেশি বিনিয়োগের অঙ্গীকার করেছে। টেসলাও তাদের অপ্টিমাস হিউম্যানয়েড রোবট তৈরিতে গুরুত্ব বাড়িয়েছে।
তবে এখনই মানুষের কর্মসংস্থান শেষ হয়ে যাচ্ছে— এমনটা ভাবার কারণ নেই। বর্তমান রোবট-হাতগুলো নির্দিষ্ট কিছু কাজ করতে পারলেও প্রতিদিনের কর্মক্ষেত্রে নানা আকার, ওজন ও গঠনের অসংখ্য বস্তু সামলানোর মতো যথেষ্ট দক্ষ, শক্তিশালী ও অভিযোজনক্ষম হয়ে ওঠেনি।
তবু পরিবর্তনের আভাস স্পষ্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা যদি চিন্তার কাজ সামলায় আর রোবট-হাত মানুষের মতো বাস্তব জগতের কাজ করতে শেখে, তাহলে নিরাপদ পেশা বলে হয়তো কিছুই থাকবে না।



