ক্রিসমাসের কেনাকাটায় ‘মিউজ’

সংগৃহীত ছবি
ক্রিসমাসের কেনাকাটা থেকে শুরু করে ভ্রমণ বুকিং, ইমেইল পাঠানো কিংবা বিদ্যুৎ বিলের সাশ্রয়ী চুক্তি খোঁজা— দৈনন্দিন নানা কাজ এআইর মাধ্যমে করানোর সুযোগ নিয়ে যুক্তরাজ্যে ‘মিউজ’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী চালু করছে মেটা। তবে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও ভোক্তা সুরক্ষা নিয়ে অ্যাপটির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলো।
মিউজ অ্যাপের পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও এই এআই ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী এআই সহকারীর নাম, চেহারা ও ব্যক্তিত্ব নির্ধারণ করতে পারবেন। ইমেইল পাঠানো, ভ্রমণ বুকিং এবং উপহার কেনার মতো কাজ দেওয়া যাবে তাকে।
মিউজকে যুক্তরাজ্যের মার্কস অ্যান্ড স্পেন্সার, কারিস, সেইন্সবারিজ ও ইজিজেটের মতো প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহারের উপযোগী করতে চুক্তি করেছে মেটা। কোনো প্রতিষ্ঠানের সংযোগকারী অ্যাপ না থাকলে মিউজ সরাসরি তাদের ওয়েবসাইট ব্যবহার করবে।
মেটার দাবি, ব্যবহারকারীর অনুমতি ছাড়া মিউজ কোনো পণ্য কিনতে বা ইমেইল পাঠাতে পারবে না। এটি ব্যবহারকারীর পাসওয়ার্ড বা পেমেন্ট পদ্ধতির তথ্য দেখতে পারবে না এবং কথোপকথনের তথ্য বিজ্ঞাপনদাতাদের সঙ্গে শেয়ার করবে না। পাশাপাশি আলাদা একটি নিরাপত্তা এজেন্ট মিউজের কার্যক্রম যাচাই করবে।
যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা ইনফরমেশন কমিশনার্স অফিস (আইসিও) জানিয়েছে, মেটা তাদের সঙ্গে স্বেচ্ছামূলক পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রদানের বিষয়ে সম্মত হয়েছে।



