সহজ ভাষায়
আইপি রেটিং

আইপি রেটিং বা ইনগ্রেস প্রটেকশন রেটিং হলো আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কোনো ইলেকট্রনিক ডিভাইসের বডি ধূলিকণা ও তরল পদার্থের বিরুদ্ধে কতটা সুরক্ষিত, তা নির্দেশকারী পরিমাপক। ‘আইপি’ অক্ষরের পর থাকা দুটি সংখ্যা দিয়ে এটি প্রকাশ করা হয়, যেখানে প্রথম সংখ্যাটি ধুলোবালি প্রতিরোধ ক্ষমতা (০ থেকে ৬) এবং দ্বিতীয় সংখ্যাটি পানি প্রতিরোধ ক্ষমতা (০ থেকে ৯) বোঝায়। সংখ্যা যত বড় হয়, ডিভাইসের সুরক্ষা স্তর তত শক্তিশালী হয়। কিছু প্রচলিত আইপি রেটিং ও তাদের কার্যকারিতা নিচে দেওয়া হলো:
আইপি৫৪: এটি ডিভাইসকে সীমিত পরিমাণে ধুলোবালি ও যেকোনো দিক থেকে আসা পানির ছাঁট থেকে রক্ষা করে। সাধারণত হালকা বৃষ্টি বা ঘাম প্রতিরোধী গ্যাজেটে ব্যবহার করা হয়।
আইপি৬৭: এটি সম্পূর্ণ ধুলোরোধী বা ডাস্ট-প্রুফ। ১ মিটার পর্যন্ত গভীর পানিতে সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত নিরাপদে ডুবে থাকতে পারে।
আইপি৬৮: বর্তমানের প্রিমিয়াম স্মার্টফোন ও গ্যাজেটগুলোতে এটি সবচেয়ে বেশি দেখা যায়। সর্বোচ্চ স্তরের ধুলো প্রতিরোধের পাশাপাশি সাধারণত ১ দশমিক ৫ মিটার বা তার বেশি গভীর পানিতে দীর্ঘ সময় নিরাপদে থাকতে সক্ষম।
ল্যাবরেটরিতে স্বচ্ছ পানির ওপর পরীক্ষা করে এই রেটিং দেওয়া হয়। সুইমিংপুলের ক্লোরিনযুক্ত পানি, সমুদ্রের লবণাক্ত পানি বা গরম তরলে ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। এ ছাড়া ব্যবহারজনিত কারণে সময়ের সঙ্গে সঙ্গে ডিভাইসের ওয়াটারপ্রুফ সিল বা গ্লু দুর্বল হয়ে যেতে পারে, যা জলরোধী ক্ষমতা কমিয়ে দেয়।



