নীলচে শকুন

গ্রাফিকস: আগামীর সময়
আমার নাম ভালচারিন গিনি ফাউল। নামের সঙ্গে ফাউল থাকলেও আমি কিন্তু দুষ্টু নই অত। একটু দুষ্টু আছি অবশ্য! শোরগোল করতে ভালোবাসি ভীষণ, তাই অন্যরা মাঝেমধ্যে পড়ে বেশ বিপাকে। তার ওপর আমার গলার আওয়াজ? আর বলতে সে কথা! ব্যাপক বাজখাই! তারস্বরে চিল্লানো বলে যাকে। দেখতেই পাচ্ছো, আমি বেশ রঙিন। পিঠে লম্বা, চকচকে নীল ও সাদা রঙের পালক। বুকের অংশ গাঢ় নীল। বাকি শরীরে ছোট ছোট সাদা ফোঁটায় সাজানো কালো পালক। তাই রাজকীয় গিনি পাখি নামেও নামডাক আছে আমার। কিন্তু মাথার টাক আর লম্বাটে ঘাড়ের কারণে কেউ কেউ আমাকে ভাবে শকুনের জ্ঞাতিভাই। তাই তো ভালচারিন বা শকুন শব্দটি জুড়ে দেওয়া নামের সঙ্গে। আমি আসলে গিনি ফাউল পরিবারের সবচেয়ে আকর্ষণীয়, বড় ও সুন্দর প্রজাতির পাখি। আকারে ২৩ থেকে ২৭ ইঞ্চি। ঘুরতে ভালোবাসি ঝাঁকে ঝাঁকে দলবেঁধে। নানা ধরনের বীজ, গাছের শিকড়, কন্দ, শুঁয়োপোকা, ইঁদুরজাতীয় প্রাণী, ছোট সরীসৃপ ও পোকামাকড় খাই পেট ভরে। ফলের স্বাদ নিতেও ভুলি না মাঝেমধ্যে। আমার ওজন এক থেকে দেড় কেজি। গড়ে বাঁচি ১৫ বছরের মতো। বসবাস আফ্রিকা মহাদেশে, বিশেষ করে ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া ও তানজানিয়া অঞ্চলে বিস্তৃত পরিসরে। লম্বা ঘাস, ঝোপঝাড়, কাটাঝোপ আর কিছু গাছপালা থাকা শুষ্ক মরুভূমি আমার ঘরবাড়ি। উঁচু গাছের ডালে বসে প্রাণভরে ঘুমোই রাতে। যাক বাবা, ঘুমের প্রসঙ্গ আসতেই ঘুম পেয়ে গেল ভীষণ। এবার তবে যাই। টাটা-বাই-বাই।
ডাক পাখি





