দেশটা যেন শিল্পীর আঁকা
আবেদিন জোহর

গ্রাফিকস: আগামীর সময়
রোদ চিকচিক আকাশ ভরা মাঠ থইথই আলো
নরম নরম পুবাল হাওয়ায় মন করে দেয় ভালো।
প্রজাপতির রঙিন ডানা ঘুড়ির মতো ওড়ে
নকশি তোলা ঘাসের বনে চড়ুই পাখি ঘোরে।
মৌমাছিরা গান শোনাতে ফুলকাননে আসে
ঘ্রাণ লুকানো ফুলকুঁড়িরা মুখ লুকিয়ে হাসে।
আউলা কেশে দাঁড়িয়ে থাকা বাবলা গাছের শাঁখে
বকপাখিরা উদাস মনে নদীর ছবি আঁকে।
একটু দূরে চকের নদী বুকভরা তার ঢেউ
মেঘের দেশে চিঠি পাঠায় নাম না জানা কেউ।
পাখির মেলা গাছের ডালে ডাল জুড়ে সব সুখ
হঠাৎ করেই বৃষ্টি এসে দেয় ভিজিয়ে বুক।
জবুথবু পাতার নিচে কাঠবিড়ালির ছানা
মা ফিরতেই ব্যাকুল দুচোখ আনন্দে আটখানা।
এই প্রকৃতির সাজসজ্জা মুগ্ধ চোখে দেখি
দেশটা যেন শিল্পীর আঁকা রূপের ছটা একি!




