ছড়ায় ছড়ায় গল্প শোনো
জাকির হোসেন কামাল

ছবি এঁকেছেন রজত
‘গল্প শোনো গল্প শোনো
নেভাও ঘরের বাতি,
খোকা যাবে বনের ভেতর
খোকার পিঠে হাতি।’
‘হা হা হি হি... হা হা হি হি
কী যে বলো বোকা,
খোকার পিঠে হাতি নাকি
হাতির পিঠে খোকা?’
‘হলোই না হয় হলোই না হয়
দোষ হয়েছে কোনো?
খোকার পিঠে হাতি গেল
গল্প আমার শোনো।’
‘কী করে হয় কী করে হয়
কাণ্ড এমন বলো?
নেই তো কথার আগা-মাথা
গল্প এটা হলো?’
‘শোনো শোনো একটু যেতেই
হাতি গেল পড়ে,
বাঁচল না রে সেই হাতিটা
গেলই বুঝি মরে!’
‘এটা কোনো কথা হলো
কী যে বলো বোকা,
তোমার মাথায় কীট রয়েছে
আছে ঘুণে পোকা।’
‘না না শোনো ঐ হাতিটা
মাটির হাতি ছিল,
সত্যি কথা, মিথ্যে আমি
বলছি না এক তিলও।
গল্প আমার অল্প ছিল
আজ এখানেই শেষ,
তালি লাগাও, গল্প আমার
বেশ লাগেনি, বেশ?’





