ক্রাইম মুভি
কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন

সম্পদের মালিকানাই কি নিরাপত্তার নিশ্চয়তা, নাকি সেই সম্পদই ডেকে আনতে পারে ভয়াবহ বিপর্যয়? মার্টিন স্কোরসেজি পরিচালিত ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ চলচ্চিত্রটি এই প্রশ্নের মধ্য দিয়ে উন্মোচন করেছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ওসেজ আদিবাসী জনগোষ্ঠীর ওপর সংঘটিত এক নৃশংস হত্যাকাণ্ডের ইতিহাস। ডেভিড গ্র্যানের একই নামের নন-ফিকশন বই অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র সম্পদ, ক্ষমতা, বর্ণবাদ ও মানুষের লোভের এক অন্ধকার অধ্যায় তুলে ধরে।
১৯২০-এর দশকে ওসেজদের ভূমিতে তেলের সন্ধান তাদের বিপুল সম্পদের মালিক করে তোলে। কিন্তু সেই সম্পদই একসময় তাদের জীবনে অভিশাপ হয়ে দেখা দেয়। অর্থ ও উত্তরাধিকার দখলের লোভে শুরু হয় পরিকল্পিত হত্যা, ষড়যন্ত্র ও সহিংসতা। চলচ্চিত্রের কেন্দ্রে রয়েছে মলি বার্কহার্ট ও তার স্বামী আর্নেস্ট বার্কহার্টের সম্পর্ক, যার মধ্য দিয়ে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা ও স্বার্থপরতার জটিল রূপ প্রকাশ পেয়েছে।
মলি চরিত্রে লিলি গ্ল্যাডস্টোনের সংযত অথচ গভীর অভিনয় স্বজন হারানোর কষ্ট, অবিশ্বাস এবং অস্তিত্ব রক্ষার সংগ্রামকে জীবন্ত করে তুলেছে। লিওনার্দো ডিক্যাপ্রিওর আর্নেস্ট চরিত্রে ফুটে উঠেছে ভালোবাসা ও ব্যক্তিস্বার্থের দ্বন্দ্ব। অন্যদিকে, রবার্ট ডি নিরোর উইলিয়াম হেল চরিত্রটি ক্ষমতা ও লোভের নির্মমতার প্রতীক হয়ে উঠেছে।
ট্যাক্সি ড্রাইভার, গুডফেলাস ও দ্য ডিপার্টেড-এর মতো চলচ্চিত্রের নির্মাতা েস্কারসেজি এখানে শুধু অপরাধের রহস্য উন্মোচনে সীমাবদ্ধ থাকেননি; বরং বর্ণবাদ, ঔপনিবেশিক মানসিকতা ও অর্থনৈতিক স্বার্থের ভয়াবহ পরিণতিও তুলে ধরেছেন।
কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন শুধু হত্যাকাণ্ডের বিবরণ নয়; এটি মানবিকতা ও ন্যায়বিচারের গভীর সংকটের দলিল। মলির অভিজ্ঞতার মধ্য দিয়ে চলচ্চিত্রটি মনে করিয়ে দেয়, লোভ যখন ক্ষমতার আশ্রয় পায়, তখন সবচেয়ে আপন সম্পর্কও হয়ে উঠতে পারে বিশ্বাসঘাতকতার মাধ্যম।



