টার্মিনোলজি
কোল্ড কেস

গ্রাফিকস: আগামীর সময়
রাতের অন্ধকারে একটি বাড়িতে ঢুকে পড়েছিল আততায়ী। কয়েক মিনিটের মধ্যেই ঘটে যায় হত্যাকাণ্ড। পুলিশ আসে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে। সন্দেহভাজনের তালিকাও তৈরি হয়। কিন্তু কিছুতেই মেলে না খুনির পরিচয়। একসময় তদন্তের গতি থেমে যায়। ফাইলটি চলে যায় পুলিশের সংরক্ষণাগারে। কিন্তু অপরাধটি হারিয়ে যায় না। অপরাধবিষয়ক পরিভাষায় এমন অমীমাংসিত মামলাকে বলা হয় ‘কোল্ড কেস’।
সাধারণত হত্যা, নিখোঁজ ব্যক্তি, যৌন অপরাধ কিংবা রহস্যজনক মৃত্যুর ঘটনা এ তালিকায় থাকে। পর্যাপ্ত প্রমাণের অভাব, প্রত্যক্ষদর্শীর অনুপস্থিতি, প্রযুক্তিগত সীমাবদ্ধতা কিংবা তদন্তের দুর্বলতার কারণে অনেক মামলা বছরের পর বছর অমীমাংসিত থেকে যায়।
তবে কোল্ড কেস মানেই তদন্ত আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাওয়া নয়। অনেক ক্ষেত্রে পুলিশ নতুন কোনো তথ্য বা সূত্রের অপেক্ষায় থাকে। কখনো পুরনো সাক্ষী নতুন করে মুখ খোলেন, কখনো পাওয়া যায় নতুন কোনো প্রত্যক্ষদর্শী। আবার আধুনিক প্রযুক্তির সহায়তায় বহু বছর আগে সংগ্রহ করা আলামত থেকেও বেরিয়ে আসতে পারে অপরাধীর পরিচয়।
এর অন্যতম আলোচিত উদাহরণ যুক্তরাষ্ট্রের গোল্ডেন স্টেট কিলার মামলা। ১৯৭০ ও ১৯৮০-এর দশকে ক্যালিফোর্নিয়ায় একাধিক হত্যা, ধর্ষণ ও বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত ছিল এই সিরিয়াল অপরাধী। কয়েক দশক ধরে তদন্ত করেও পুলিশ তার পরিচয় বের করতে পারেনি। ২০১৮ সালে জেনেটিক জিনিওলজি প্রযুক্তির সহায়তায় সাবেক পুলিশ কর্মকর্তা জোসেফ জেমস ডি অ্যাঞ্জেলোকে শনাক্ত করা হয়। পরে তিনি অপরাধ স্বীকার করেন। ২০২০ সালে তাকে একাধিক হত্যাকাণ্ডের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।



