ইট

১৯৮৬ সালে প্রকাশিত স্টিফেন কিংয়ের ‘ইট’ উপন্যাসটি তার অন্যতম বিখ্যাত ও ভয়ংকর সৃষ্টিকর্ম হিসেবে পরিচিত। প্রায় ১১০০ পৃষ্ঠার এ বিশাল উপন্যাসের প্রেক্ষাপট মেইন অঙ্গরাজ্যের কাল্পনিক শহর ‘ডেরি’। উপন্যাসের মূল কাহিনি দুটি সময়কালে ভাগ করা, ১৯৫০-এর দশক এবং ১৯৮০-এর দশক। গল্পের কেন্দ্রে আছে সাত বন্ধুর একটি দল। শৈশবে তারা ডেরি শহরে এক ভয়ংকর অতিপ্রাকৃত সত্তার মুখোমুখি হয়, তাকে সবাই চেনে ‘পেনিওয়াইজ’ নামে। এ সত্তা প্রতি ২৭ বছর পরপর জেগে ওঠে ও শিশুদের মনের গহিনে লুকিয়ে থাকা অন্ধকার কল্পনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারে।
শৈশবে বিল ডেনব্রো, বেভারলি মার্শ, বেন হ্যানস্কম, রিচি টোজিয়ার, এডি কাস্পব্র্যাক, মাইক হ্যানলন ও স্ট্যানলি উরিস— এ সাতজন মিলে পেনিওয়াইজের বিরুদ্ধে লড়াই এবং তাকে সাময়িকভাবে পরাজিত করে। এরপর ওরা ঠিক করে, পিশাচটা যদি আবার ফিরে আসে তাহলে ওরা আবার একত্রিত হয়ে মোকাবিলা করবে। প্রায় ২৭ বছর পর, ১৯৮৫ সালে... ডেরিতে আবার রহস্যময় হত্যাকাণ্ড শুরু হয়। মাইক হ্যানলন ছিল ওই দলের একমাত্র সদস্য যে ডেরিতেই থেকে গিয়েছিল। মাইক ওর বাকি বন্ধুদের ডেকে পাঠায়।



