ছিলেন পুলিশ করতেন ব্যাংক ডাকাতিও

প্রতীকী ছবি
পুলিশের পোশাক পরে দিনের বেলায় অপরাধীদের ধরতেন। অপরাধের খবর পেলে ছুটে যেতেন তদন্তে। অথচ সেই পুলিশ কর্মকর্তাই দুপুরের খাবারের বিরতিতে ব্যাংকে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা লুট করতেন। ডাকাতি শেষ করে আবার ফিরে আসতেন নিজের কর্মস্থলে। কখনো কখনো যে ব্যাংকে ডাকাতি করেছেন, সেই ঘটনার তদন্তের দায়িত্বও পড়ত তাঁর ওপর। সহকর্মীরা কিছুই টের পেতেন না। কারণ, অপরাধীকে খুঁজে বের করার দায়িত্বে থাকা মানুষটিই ছিলেন অপরাধী!
অবিশ্বাস্য এই কাণ্ডের নায়ক দক্ষিণ আফ্রিকার পুলিশ কর্মকর্তা আন্দ্রে স্ট্যান্ডার। ১৯৭০-এর দশকের শেষ দিকে তার এমন দ্বৈত জীবন শুরু হয়, যা একসময় তাকে দেশের সবচেয়ে আলোচিত ব্যাংক ডাকাতদের একজন করে তোলে। স্ট্যান্ডার ছিলেন দক্ষিণ আফ্রিকার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তা। কর্মজীবনে দ্রুত উন্নতি করে ক্যাপ্টেন পদে পৌঁছেছিলেন। পুলিশের কাজ করতে গিয়ে অপরাধীদের কৌশল, তদন্তের পদ্ধতি এবং ব্যাংকের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তাঁর ভালো ধারণা তৈরি হয়। সেই অভিজ্ঞতাই কাজে লাগান অপরাধের জগতে।
ব্যাংক ডাকাতির সময় চেহারা আড়াল করতে কখনো পরচুলা, কখনো নকল গোঁফ ব্যবহার করতেন। কখনো সাধারণ পোশাকে ব্যাংকে ঢুকে অস্ত্র দেখিয়ে টাকা নিয়ে বেরিয়ে আসতেন। তার ডাকাতির ধরন ছিল বেশ অদ্ভুত। ব্যাংক থেকে বেরিয়ে পালিয়ে যাওয়ার জন্য দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হতো না। কারণ, অপরাধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি নিজের কর্মস্থলে ফিরে যেতে পারতেন। আর পুলিশ হিসেবে তার পরিচয় সন্দেহের জায়গাটুকুও অনেকটা দূর করে দিত।
তবে বিষয়টি শুধু দুপুরের বিরতিতে ডাকাতি করাতেই সীমাবদ্ধ ছিল না। কখনো কখনো নিজের ব্যাংক ডাকাতির তদন্তের ভার পড়তো তার উপর। ফলে নিজের অপরাধের সূত্র খোঁজার অভিনয়ও করতে হতো তাঁকে। একবার তো সহকর্মীদের অন্যদিকে ব্যস্ত রেখে নিজেই কয়েকটি ব্যাংকে ডাকাতি করতে গিয়েছিলেন। এভাবে বেশ কিছুদিন চললেও শেষ পর্যন্ত তার দ্বৈত পরিচয় গোপন থাকেনি। ১৯৮০ সালে গ্রেপ্তার হন স্ট্যান্ডার। ব্যাংক ডাকাতির একাধিক অভিযোগে আদালত তাকে দীর্ঘ কারাদণ্ড দেন। কিন্তু কারাগারও তাকে আটকে রাখতে পারেনি।
১৯৮৩ সালের আগস্টে সহবন্দী প্যাট্রিক লি ম্যাককলকে নিয়ে কারাগার থেকে পালিয়ে যান তিনি। পরে আরেক বন্দী অ্যালান হেইলকেও দলভুক্ত করেন। এভাবেই জন্ম নেয় কুখ্যাত ‘স্ট্যান্ডার গ্যাং’। পুলিশের সাবেক কর্মকর্তা হিসেবে স্ট্যান্ডারের অভিজ্ঞতা এবার কাজে লাগতে থাকে আরও বড় পরিসরে। পুলিশের বেতার যোগাযোগব্যবস্থা এবং ব্যাংকের নিরাপত্তাব্যবস্থা- সবই ছিল তার নখদর্পণে।
১৯৮৩ সালের শেষ ভাগ থেকে ১৯৮৪ সালের শুরু পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ব্যাংকে ধারাবাহিক ডাকাতি চালায় এই দল। তাদের ডাকাতির সংখ্যা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে কিছুটা পার্থক্য আছে। তবে কয়েক মাসে প্রায় ২০টি ব্যাংকে ডাকাতির তথ্য পাওয়া যায়।
১৯৮৪ সালের ১৯ জানুয়ারি জোহানেসবার্গের কেন্দ্রীয় এলাকায় এক ঘণ্টারও কম সময়ে তিনটি ব্যাংকে ডাকাতি করে দলটি। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে গ্যাংয়ের ভাগ্য বেশি দিন সহায় হয়নি। ১৯৮৪ সালের জানুয়ারির শেষ দিকে পুলিশের অভিযানে ম্যাককল নিহত হন। হেইল পালিয়ে ইউরোপে গেলেও পরে ধরা পড়েন। অন্যদিকে স্ট্যান্ডার জাল পাসপোর্ট ব্যবহার করে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান। তার ধারণা ছিল, হাজার মাইল দূরে গিয়ে হয়তো নতুন জীবন শুরু করতে পারবেন।
কিন্তু সেখানেও শেষ রক্ষা হয়নি। ফ্লোরিডার ফোর্ট লডারডেলে পুলিশের নজরে পড়েন তিনি। ১৯৮৪ সালের ১৩ ফেব্রুয়ারি পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে এক কর্মকর্তার শটগান কেড়ে নেওয়ার চেষ্টা করেন স্ট্যান্ডার। তখন পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। বয়স হয়েছিল মাত্র ৩৭ বছর।
স্ট্যান্ডারের মৃত্যুর পরও তাকে ঘিরে মানুষের আগ্রহ কমেনি। দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যমে তিনি হয়ে ওঠেন এক রহস্যময় চরিত্র। কেউ তাকে দুর্ধর্ষ অপরাধী হিসেবে দেখেছেন, কেউ আবার প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহী হিসেবে রোমাঞ্চকর এক চরিত্রে পরিণত করেছেন।
তার জীবন নিয়ে ২০০৩ সালে নির্মিত হয় চলচ্চিত্র ‘স্ট্যান্ডার’। এতে অভিনয় করেন থমাস জেন।
একজন পুলিশ কর্মকর্তা কীভাবে নিজের পেশাগত অভিজ্ঞতাকে অপরাধের হাতিয়ার বানিয়েছিলেন, স্ট্যান্ডারের জীবন তারই বিস্ময়কর উদাহরণ।
সূত্র: দ্য গার্ডিয়ান, সাউথ আফ্রিকান হিস্ট্রি অনলাইন, দ্য ওয়াশিংটন পোস্ট, মেইল অ্যান্ড গার্ডিয়ান, টাইম ম্যাগাজিন।




